# ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-03
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhaka-antrjatik-banijzmelar-udwodhn](https://dailyfulki.com/article/dhaka-antrjatik-banijzmelar-udwodhn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5398.md](https://dailyfulki.com/news/5398.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : পূর্বাচলে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৬ উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা- ২০২৬ উদ্বোধন করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পূর্বাচলের চার নম্বর সেক্টরে অবস্থিত বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য উপদেষ্টা এ মেলার উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, রপ্তানি উন্নয়ন ব্যুরো ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (চলতি দায়িত্ব) আব্দুর রহিম খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বক্তব্য রাখেন।

এবারের মেলায় পলিথিন ব্যাগ ও সিংগেল ইউজ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসেবে হ্রাসকৃত মূল্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাধ্যমে পরিবেশবান্ধব শপিং ব্যাগ সরবরাহ করা হবে।

মেলার লে-আউট প্ল্যান অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির ৩২৪টি প্যাভিলিয়ন/স্টল/রেস্টুরেন্ট দেশীয় উৎপাদক-রপ্তানিকারক প্রতিষ্ঠানসহ সাধারণ ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বিদেশি প্রতিষ্ঠানগুলোকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

মেলায় সাধারণ দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল বিশ্বরোড, ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ি), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বাণিজ্য মেলার উদ্দেশ্যে বিআরটিসির ২০০টির বেশি ডেডিকেটেড শাটল বাস চলবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
