# আজ ছুটির আওতায় থাকছে না যেসব প্রতিষ্ঠান

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-31
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/aj-chutir-aootay-thakche-na-zesb-prtishthan](https://dailyfulki.com/article/aj-chutir-aootay-thakche-na-zesb-prtishthan)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5307.md](https://dailyfulki.com/news/5307.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ ছাড়া তার জানাজার জন্য আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন। তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং তার জানাজার দিনে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছি।

পরে জনপ্রশাসন মন্ত্রণালয় আজ সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ৩১ ডিসেম্বর (বুধবার) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা হয়।

ছুটিতে যা বন্ধ, যা খোলা থাকবে

প্রজ্ঞাপনে বলা হয়, ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে যা যা ছুটির আওতার বাইরে থাকবে তা-ও উল্লেখ করা হয়েছে।

সেগুলো হলো—

ক. জরুরি পরিষেবা, যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এ-সংশ্লিষ্ট সেবাকাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বহির্ভূত থাকবেন।

খ. হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতার বহির্ভূত থাকবেন।

গ. চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বহির্ভূত থাকবেন।

ঘ. জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই ছুটির আওতার বহির্ভূত থাকবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আর আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
