# খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোক, মাগফিরাত কামনায় দোয়া

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-30
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/khaleda-jiyar-mrritzute-desjure-sok-magfirat-kamnay-doya](https://dailyfulki.com/article/khaleda-jiyar-mrritzute-desjure-sok-magfirat-kamnay-doya)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5301.md](https://dailyfulki.com/news/5301.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর রাজধানী ঢাকাসহ জেলায় জেলায় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কোরআন খতম, দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী জনপদে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা ও বেগম খালেদা জিয়ার শশুরবাড়ি হওয়ায় এলাকাজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে গাবতলীসহ আশপাশের এলাকায় শোকাহত মানুষের ঢল নামে। জেলা বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, আজ আমরা গণতন্ত্রের মাকে হারালাম, আমাদের অভিভাবককে হারালাম। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ঐক্যের এক প্রতীককে হারালাম।

নশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জোবাইদুর রহমান গামা বলেন, বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা বগুড়াবাসী সব সময় গর্ববোধ করতাম। বগুড়ায় তার শ্বশুর বাড়ি- এই পরিচয় আমাদের রাজনৈতিক অঙ্গনে একটি আলাদা মর্যাদা এনে দিয়েছিল। তার মৃত্যুতে যেন সেই অধ্যায়ের সমাপ্তি ঘটল।

পিরোজপুর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পিরোজপুরে শোকের ছায়া নেমে এসেছে। সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে জড়ো হন। বেলা সাড়ে ১১টায় জেলা কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীদের চোখে অশ্রু দেখা যায়।

জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, আমরা আজ অভিভাবকহারা। শুধু আমরা না, পুরো জাতি অভিভাবক হারা হয়ে গেছে।

জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, পুরো জাতি আজ শোকাহত। তার জীবনের আদর্শ যেন আমরা দলের নগণ্য কর্মী হিসেবে গ্রহণ করতে পারি।

এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছারছীনা শরীফের পীর ও জমইয়াতে হিযবুল্লাহর আমির আলহাজ্ব মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন। শোকবার্তায় তিনি খালেদা জিয়াকে একজন আপসহীন ও দৃঢ়চেতা নেত্রী হিসেবে উল্লেখ করেন। তার নির্দেশে দেশের তিন হাজারের বেশি দ্বীনিয়া মাদ্রাসায় কোরআন খতম ও খতমে তাহলীল অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জ জেলাজুড়ে শোকের আবহ বিরাজ করছে। মঙ্গলবার সকালে মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর জেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় জমে। দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন এবং কোরআন খতমের আয়োজন করা হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আপসহীন নেত্রীকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। আমাদের মনের অবস্থা ভালো নেই

ময়মনসিংহ

ময়মনসিংহে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর নতুন বাজারস্থ বিএনপি কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, তিনি বাংলাদেশের নেত্রী। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। সন্তান হারিয়ে নিজের জীবনবাজী রেখে দেশ ও জাতির জন‍্য কাজ করে গেছেন

ভোলা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভোলায় জেলা বিএনপির উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাদ্রাসা শিক্ষার্থীরা জেলা বিএনপি কার্যালয়ে কোরআন খতম করেন।

জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর বলেন, আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন দেশনেত্রী এবং গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশ ও দেশের মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছেন

ব্রাহ্মণবাড়িয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি শোকসভা, কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। মঙ্গলবার সকালে পুনিয়াউট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।

জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। গণতন্ত্রের সংকটময় মুহূর্তগুলোতে তিনি নিঃস্বার্থভাবে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার বিদায় জাতীয় রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি।

রাজশাহী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীজুড়ে শোকের আবহ বিরাজ করছে। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর মহানগর বিএনপির কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হন।

মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া বিসিক এলাকায় রাজশাহী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনের উদ্যোগে পৃথক দোয়া আয়োজন করা হয়। মাদরাসা শিক্ষার্থীরা কোরআন খতম করেন।

নেতাকর্মীরা বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে দেশ এক অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে।

ঝিনাইদহ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঝিনাইদহ জেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। জেলা ও উপজেলা পর্যায়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন এবং দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ বলেন, আপসহীন এই নেত্রীর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন অভিভাবক ও রাষ্ট্রনায়ককে হারিয়েছে। তার আদর্শ ও অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

রংপুর

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত রংপুর বিএনপি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় জমে। অনেককে দলীয় নেত্রীর ছবির সামনে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

সকালে কোরআন তেলাওয়াত এবং দুপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ এবং নগরজুড়ে মাইকযোগে কোরআন তেলাওয়াত প্রচার করা হয়।

দোয়া মাহফিলে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসাসহ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে মসজিদ-মাদরাসা ও এতিমখানায় কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়।

রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডন বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ একজন আপসহীন, অভিজ্ঞ ও দূরদর্শী রাজনৈতিক অভিভাবক হারালো। আমাদের দলের মধ্যে শুন্যতা তৈরি হলো তা আর পূরণ হবে না।

রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের চিরকালীন প্রেরণার উৎস হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে আজ শুধু একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়নি, বরং বাংলাদেশ তার মমতাময়ী অভিভাবককে হারালো। তিনি যেভাবে প্রতিকূল সময়ে দেশের হাল ধরেছিলেন, তা বিশ্ব ইতিহাসে বিরল।

রাজবাড়ী

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীতে শোক পালন করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় আজাদী ময়দানে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পরে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। এরপর বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির কার্যালয়ে শোকবই খোলা হলে নেতাকর্মীরা সেখানে স্বাক্ষর ও মন্তব্য করেন। সকাল থেকেই কোরআন খতম কর্মসূচি পালন করা হয়। বিকেলে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী হারুন-অর-রশিদসহ জেলা বিএনপির নেতারা শোকবইয়ে স্বাক্ষর করেন।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে এক গভীর শূন্যতা সৃষ্টি করেছে, যা কোনো দিন পূরণ হবে না।

চাঁদপুর

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুর জেলাজুড়ে শোকের আবহ বিরাজ করছে। জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল, কালো ব্যাজ ধারণ এবং শোকবইয়ে স্বাক্ষর কর্মসূচি পালন করা হচ্ছে।

মঙ্গলবার সকাল থেকে জেলা বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে শোকবইয়ে স্বাক্ষর করেন। শোকবইয়ে স্বাক্ষরের সময় নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীর সংগ্রামী রাজনৈতিক জীবনের নানা স্মৃতি আবেগভরে স্মরণ করেন।

জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন গণতন্ত্রকামী মানুষের আশ্রয়স্থল। তার আদর্শ ও ত্যাগ অনুসরণ করেই বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
