# স্বতন্ত্র প্রার্থীদের জন্য ৫৬ প্রতীকের তালিকা প্রকাশ, ট্রাক্টর-উট-কুমিরসহ আরও যা আছে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-29
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/swtntr-prartheeder-jnz-56-prteeker-talika-prkas-traktr-ut-kumirsh-aroo-za-ache](https://dailyfulki.com/article/swtntr-prartheeder-jnz-56-prteeker-talika-prkas-traktr-ut-kumirsh-aroo-za-ache)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5276.md](https://dailyfulki.com/news/5276.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দযোগ্য প্রতীকের তালিকা পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকায় মোট ৫৬টি প্রতীক অন্তর্ভুক্ত করা হয়েছে, যা নিবন্ধিত রাজনৈতিক দলের সংরক্ষিত প্রতীক ছাড়া স্বতন্ত্র প্রার্থীদের অনুকূলে বরাদ্দ দেওয়া যাবে।

সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বর্তমানে মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম চলমান রয়েছে। এ প্রেক্ষাপটে নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের জন্য সংরক্ষিত প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দযোগ্য প্রতীকের তালিকা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

ইসির তালিকা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দযোগ্য প্রতীকের মধ্যে রয়েছে— মোটরসাইকেল, আলমিরা, ট্রাক্টর, মগ, উট, টেলিফোন, মাইক, কলস, ড্রেসিং টেবিল, ময়ূর, কলার ছড়ি, ঢেঁকি, মোবাইল ফোন, কাপ-পিরিচ, তালা, কুমির, থালা, কম্পিউটার, দালান, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চিরুনি, চিংড়ি, জগ, জাহাজ, টর্চলাইট, টিউবওয়েল, দোতলা বাস, দোলনা, পাগড়ি, মোড়া, মোরগ, রেল ইঞ্জিন, লিচু, সেলাই মেশিন, সোফা, সিঁড়ি, পানির ট্যাপ, পালকি, ফলের ঝুড়ি, ফুটবল, সূর্যমুখী, ফুল, হরিণ, হাঁস, বক, বালতি, বেবি টেক্সি, টেবিল, বৈদ্যুতিক পাখা, টেবিল ল্যাম্প, বৈদ্যুতিক বাল্ব, টেবিল ঘড়ি, হ্যান্ডশেক, হুঁকা ও হেলিকপ্টার।

নির্দেশনায় আরও বলা হয়েছে, স্বতন্ত্র প্রার্থীদের তালিকাভুক্ত কোনো প্রতীক যদি নতুন কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের অনুকূলে সংরক্ষিত হয়, তাহলে সেটি আর স্বতন্ত্র প্রার্থীর জন্য বরাদ্দযোগ্য থাকবে না।

এ নির্দেশনার আওতায় নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদকের নাম, পদবি ও ঠিকানাসহ হালনাগাদ তালিকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসকদের কাছেও নির্দেশনা পাঠিয়েছে নির্বাচন কমিশন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
