# ঢাকা-১৯ আসন, সাভারে ১১জন মনোনয়নপত্র দাখিল করেছেন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-29
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhaka-19-asn-savare-11jn-mnonynptr-dakhil-krechen](https://dailyfulki.com/article/dhaka-19-asn-savare-11jn-mnonynptr-dakhil-krechen)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5264.md](https://dailyfulki.com/news/5264.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে ঢাকা-১৯  আসনে বিভিন্ন দল, সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১১জন সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিল করেছেন। সাভার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্ণিং অফিসার সাইফুল ইসলামের দপ্তরের ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া ঢাকা প্রশাসক ও জেলা রিটার্ণিং অফিসারের কার্যালয়েও এনসিপির একজন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে জানা গেছে।

সাভার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্ণিং অফিসার সাইফুল ইসলামের দপ্তরের মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আফজাল হোসেন, এলডিপির মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত লেঃ জেঃ চৌধুরী হাসান সারওয়ার্দী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত প্রার্থী ফারুক খান, গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী শওকত হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী ইসরাফিল হোসেন সাভারী, মুসলিম লীগের মনোনীত প্রার্থী কামরুল ইসলাম, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বাহাদুর ইসলাম ইমতিয়াজ, খেলাফত আন্দোলনের মনোনীত প্রার্থী এ,কে,এম এনামুল হক ও স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক। 
 

এ ছাড়া ঢাকা জেলা প্রশাসক ও জেলা রিটার্ণিং অফিসারের দপ্তরে ১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জানা গেছে, তিনি এনসিপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার নাম দিলশান আলা বলে জানা গেছে। 

মনোনয়নপত্র দাখিলকালে অধিকাংশ প্রার্থীই কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। 
সাভার উপজেলার ৭টি ইউনিয়ন, সাভার পৌরসভা ও সাভার ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত ঢাকা-১৯ আসন। সাভার উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে রয়েছে, সাভার সদর ইউনিয়ন, বিরুলিয়া ইউনিয়ন, পাথালিয়া ইউনিয়ন, আশুলিয়া ইউনিয়ন, ইয়ারপুর ইউনিয়ন, ধামসোনা ইউনিয়ন ও শিমুলিয়া ইউনিয়ন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঢাকা-১৯ আসনে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ২৮ হাজার ৪২৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৮৭ জন, মহিলা ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৩২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬ জন।

বিপুলসংখ্যক ভোটারকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী উত্তাপ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় প্রার্থীরা নিজ নিজ দলের আদর্শ, কর্মসূচি ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়ন ফরম বিতরণ ও জমা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। আগামী দিনে আরও প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সাভার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময়সীমা সোমবার বিকাল ৫টার ১৫-২০মিনিট আগে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু তিনি কোন মনোনয়নপত্র জমা দেননি। 
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
