# মনোনয়ন জমার শেষ দিনে প্রার্থী-সমর্থকদের উপচে পড়া ভিড়

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-29
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/mnonyn-jmar-sesh-dine-prarthee-smrthkder-upce-pra-vir](https://dailyfulki.com/article/mnonyn-jmar-sesh-dine-prarthee-smrthkder-upce-pra-vir)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5257.md](https://dailyfulki.com/news/5257.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন আজ। আর তাই সকাল থেকেই রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। কার্যালয়গুলোতে ৫০ হাজার টাকা জামানতসহ মোট ১৪ ধরনের প্রয়োজনীয় দলিল সংযুক্ত করে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা। অবশ্য, গুঞ্জন রয়েছে মনোনয়ন দাখিলের সময় আরও ২ দিন বাড়তে পারে।

সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম।

এদিন, মনোনয়নপত্র জমা দেন খুলনা-৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সময়ে খুলনা-১ আসনে কৃষ্ণ নন্দী, খুলনা-২ আসনে জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা-৪ আসনে কবিরুল ইসলাম ও খুলনা-৬ আসনে আবুল কালাম আজাদ মনোনয়নপত্র দাখিল করেন।

এছাড়া, ঢাকা-১৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী ববি হাজ্জাজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

এদিকে, ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন। একই আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আলমগীর ফেরদৌস, ইসলামী আন্দোলন বাংলাদেশের এসএম ফজলুল হক, গণফোরামের একেএম শফিকুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল, স্বতন্ত্র প্রার্থী মো. তানজিল ইসলাম ও খান শোয়েব আমান উল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নির্বাচন তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।

রিটার্নিং কর্মকর্তা আগামী ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
