# এনসিপিসহ ১০ দলের জোট ঘোষণা করলেন জামায়াতের আমির

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-28
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ensipish-10-dler-jot-ghoshna-krlen-jamayater-amir](https://dailyfulki.com/article/ensipish-10-dler-jot-ghoshna-krlen-jamayater-amir)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5235.md](https://dailyfulki.com/news/5235.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে নির্বাচনী জোটের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

আজ রোববার ‘জরুরি’ সংবাদ সম্মেলনে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ‘আমাদের সঙ্গে আরও দুটি দল যুক্ত হয়েছে। একটি কর্নেল অলির নেতৃত্বাধীন এলডিপি ও অপরটি এনসিপি।’

জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এই সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জামায়াত আমীর বলেন, ‘আমরা ৮ দল অনেক দিন ধরে এক সঙ্গে আন্দোলন করে আসছি। এখন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং কর্নেল অলি আহমদ নেতৃত্বাধীন এলডিপি। আমাদের আসন সমঝোতা প্রায় চূড়ান্ত, কিছু আলোচনা বাকি আছে। সেগুলো আশা করি শিগগিরই শেষ হবে। এরপর আমরা ঘোষণা করব।’

জামায়াতের আমির আরও বলেন, ‘এনসিপির সঙ্গে আমাদের আলোচনা আজকে সমাপ্ত হয়েছে। তাঁরা এখানে আসার সুযোগ পাননি। তাঁরা রাতে একটি প্রেস কনফারেন্স করে তাঁদের সিদ্ধান্ত জানিয়ে দেবেন।’

জামায়াত আমির আরও বলেন, ‘আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট। সামান্য যা বাকি আছে, তা আলোচনার ভিত্তিতে আমরা সুন্দরভাবে শেষ করতে পারব আশা করি।’

এর আগে বিকেলে ঢাকা-১৩ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সাংবাদিকদের বলেন, ‘জুলাই বিপ্লবে অংশীজন দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আসন সমঝোতার মাধ্যমে জোটের মাধ্যমে ভোটে অংশ নিচ্ছি। অন্যান্য দলের সঙ্গে খেলাফত মজলিস, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপিও থাকবে।’

১০ দলের মধ্যে আসন বণ্টন কীভাবে হবে—এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন,‘আমরা সবাই সবার হাতে আসন তুলে দিব। যার যে যোগ্যতা, তার ভিত্তিতেই আসনগুলো তুলে দেব। খুব শিগগিরই আসন ঘোষণা হবে।’

আরও কোনো দলের যুক্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ‘এখন কেউ আসতে চাইলে আমরা সবাইকে কবুল করব, তবে এই মুহূর্তে সবাইকে একসঙ্গে অ্যাকোমডেট করা আমাদের জন্য কঠিন হতে পারে। তারপরও যদি কোনো বিশেষ বিষয় থাকে, তাহলে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এলডিপির সভাপতি অলি আহমদ, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, খেলাফত মজলিশের আমির মামুনুল হকসহ জোটের অন্য নেতারা।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
