# সাভারে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-28
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-chintaikaree-ckrer-4-sdsz-greptar](https://dailyfulki.com/article/savare-chintaikaree-ckrer-4-sdsz-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5231.md](https://dailyfulki.com/news/5231.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (২৮ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম।

এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে সাভার পৌরসভার সিআরপি এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ধামরাই থানার কুরুঙ্গী এলাকার ফজল মিয়ার ছেলে সুজন মিয়া, সাভার সদর ইউনিয়নের চাপাইন এলাকার আঃ রহিমের ছেলে আসলাম (৩৮), সিআরপি এলাকার নাছির খান বিহারীর ছেলে সুজন খান বিহারী (৩৭) এবং মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার গাউদ্দা এলাকার মোঃ বাবুলের ছেলে শাহীন (২১), বর্তমানে সিআরপি এলাকায় বসবাস করছিলেন।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা মূলত সাভার, ধামরাই ও আশুলিয়া এলাকায় এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামিদের পিসিপিআর পর্যালোচনায় চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
