# জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আট দলীয় জোট

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-28
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jruri-sngbad-smmeln-dekeche-at-dleey-jot](https://dailyfulki.com/article/jruri-sngbad-smmeln-dekeche-at-dleey-jot)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5220.md](https://dailyfulki.com/news/5220.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা ও জোট সম্প্রসারণের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে যাচ্ছে। এ লক্ষ্যে রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আট দলীয় জোট।

জোট সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংবাদ সম্মেলনে আট দলের শীর্ষ নেতারা আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত ও আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন। পাশাপাশি জোটের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল ও নির্বাচনী অবস্থান নিয়েও বক্তব্য আসার সম্ভাবনা রয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিসসহ সমমনা আট দলের এই জোট ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা মেরুকরণ দেখা যাচ্ছে। দলগুলোর পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তারা সমঝোতার চেষ্টা চালাচ্ছে। এর মধ্যেই নতুন করে আরও কয়েকটি দল এই জোটে যুক্ত হতে পারে—এমন আলোচনা জোরালো হয়েছে।

বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ আরও চারটি দলকে যুক্ত করার বিষয়ে আজকের সংবাদ সম্মেলনে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। এনসিপির পাশাপাশি যেসব দলের নাম আলোচনায় রয়েছে, সেগুলো হলো—আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও বাংলাদেশ লেবার পার্টি। এ ছাড়া আরও এক–দুটি দল যুক্ত হতে পারে বলেও রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

তবে জামায়াতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে এনসিপির ভেতরে বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাসহ একাধিক নেতা ইতোমধ্যে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন।

এর আগে নির্বাচনপূর্ব পরিবেশে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচার এবং ভোটের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ আট দল রাজপথে কর্মসূচি পালন করে আসছে।

বর্তমানে আট দলীয় জোটে রয়েছে—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
