# বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-26
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/beer-sheedder-prti-srddha-janate-jateey-smrritisoudhe-tarek-rhman](https://dailyfulki.com/article/beer-sheedder-prti-srddha-janate-jateey-smrritisoudhe-tarek-rhman)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5180.md](https://dailyfulki.com/news/5180.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : জাতির সূর্যসন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৪ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন।

তার আগমনকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সকাল থেকেই জাতীয় স্মৃতিসৌধ এলাকায় জড়ো হন। দীর্ঘ সময় অপেক্ষার মধ্যেও তাদের চলাচল ও কার্যক্রম ছিল স্বাভাবিক।

এর আগে নিয়ম অনুযায়ী শুক্রবার বিকেলে তারেক রহমানের পক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির শীর্ষ নেতারা।
যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে স্মৃতিসৌধ এলাকায় পুলিশ, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা সদস্যদেরও তৎপর থাকতে দেখা যায়।

জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে আগে থেকেই উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ দলের স্থায়ী কমিটির অন্যান্য সদস্য ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এর আগে শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তারেক রহমান তার বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা করেন।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
