# সিংগাইরে নির্জন ঘরে নৃশংস হত্যাকান্ড, স্ত্রী সন্তান ঘরে না থাকা রহস্য ঘনীভূত!

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-25
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgaire-nirjn-ghre-nrrisngs-htzakand-stree-sntan-ghre-na-thaka-rhsz-ghneevuut](https://dailyfulki.com/article/singgaire-nirjn-ghre-nrrisngs-htzakand-stree-sntan-ghre-na-thaka-rhsz-ghneevuut)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5155.md](https://dailyfulki.com/news/5155.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

মাসুম বাদশাহ, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নে এক ব্যক্তিকে নির্জন ঘরে হত্যা করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় পথচারীরা একটি ঘর থেকে রক্ত বের হতে দেখে বিষয়টি সন্দেহজনক মনে করে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে মরদেহ দেখতে পান। নিহত ব্যক্তির নাম ফাইজুদ্দিন (৫০)।

তিনি জামশা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত সামেজুদ্দিনের ছেলে। দুই সন্তানের জনক ফাইজুদ্দিন পেশায় মাটি কাটার শ্রমিক ছিলেন। নিহতের ভগ্নিপতি আব্দুস সালাম জানান, পারিবারিক কলহের জেরে প্রায় এক মাস আগে ফাইজুদ্দিনের স্ত্রী শিউলি আক্তার দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি বলধারা ইউনিয়নের বেরুন্ডি গ্রামে চলে যান। এরপর থেকে স্ত্রী ও সন্তানরা সেখানেই অবস্থান করছিলেন। হত্যাকাণ্ডের খবর পেয়ে সন্ধ্যার দিকে তারা ঘটনাস্থলে এসে মরদেহ দেখেন।

স্থানীয়রা জানান, ফাইজুদ্দিন দীর্ঘদিন ধরে একাই ঘরে বসবাস করতেন। স্ত্রী চলে যাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মাটি কাটার সরদার তারেক বলেন, স্ত্রীকে বাড়ি ফেরানোর জন্য ঘটনার একদিন আগে ফাইজুদ্দিন উকিল নোটিশ পাঠিয়েছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এলাকায় শোকের মাতম চলছে। মরদেহের সুরতহালকারী তদন্ত কর্মকর্তা এসআই মো. রেজাউল করিম ওয়ান জানান, নিহতের ডান কানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ দ্রুত ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।” 
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
