# তারেক রহমানের সংবর্ধনা: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-25
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/tarek-rhmaner-sngbrdhna-rajdhaneer-zesb-srk-eriye-clben-aj](https://dailyfulki.com/article/tarek-rhmaner-sngbrdhna-rajdhaneer-zesb-srk-eriye-clben-aj)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5117.md](https://dailyfulki.com/news/5117.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার তার আগমন ঘিরে নির্দিষ্ট কয়েকটি সড়ক এড়িয়ে চলতে নগরবাসীকে অনুরোধ করা হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) হয়ে এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশানের বাসভবনে যাবেন।

এ উপলক্ষে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে অতিরিক্ত জনসমাগম ও যানচাপ সৃষ্টি হতে পারে। সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার স্বার্থে বৃহস্পতিবার ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত কিছু সড়ক পরিহার করে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, এ সময় মহাখালী থেকে আব্দুল্লাহপুর এবং কুড়িল থেকে মস্তুল পর্যন্ত পূর্বাচল এক্সপ্রেসওয়ে এড়িয়ে চলতে হবে। উত্তরা ও মিরপুর এলাকার যাত্রীদের এয়ারপোর্ট সড়কের পরিবর্তে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। গুলশান, বাড্ডা ও প্রগতি সরণি এলাকার যাত্রীরা কাকলী ও কামাল আতাতুর্ক সড়কের বদলে গুলশান–১, পুলিশ প্লাজা ও মহাখালী রুট ব্যবহার করতে পারবেন।

এ ছাড়া মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ ও টাঙ্গাইলগামী যানবাহনকে মিরপুর–গাবতলী সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। কাঞ্চন ব্রিজ থেকে আসা যানবাহন বসুন্ধরা আবাসিক এলাকার ভেতর দিয়ে মাদানী অ্যাভিনিউ হয়ে চলাচল করতে পারবে।

ডিএমপি জানিয়েছে, অভ্যর্থনা জানাতে আসা ব্যক্তিরা কোনো ব্যাগ, লাঠি বা অনুরূপ সামগ্রী বহন করতে পারবেন না। কেউ তারেক রহমানের গাড়িবহরে যুক্ত হতে পারবেন না। মোটরসাইকেল নিয়ে গুলশান, বনানী থেকে এয়ারপোর্ট সড়কে অবস্থান বা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বিদেশগামী যাত্রী ও হজযাত্রীদের পর্যাপ্ত সময় হাতে রেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। মিরপুর ও উত্তরা এলাকার যাত্রীদের বিকল্প হিসেবে মেট্রোরেল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি সেবার যানবাহন (অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস) এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

এদিকে অভ্যর্থনায় আগত নেতাকর্মীদের গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানগুলোর মধ্যে রয়েছে টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ, পূর্বাচল নীলা মার্কেট ও বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ, উত্তরা ১৭ নম্বর সেক্টরের দিয়াবাড়ি পশুরহাট মাঠ এবং মতিঝিল বাণিজ্যিক এলাকা।

ডিএমপি জানিয়েছে, নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
