# মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া কক‌টে‌লে যুবক নিহত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-24
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/mgbajar-flaioovar-theke-cheara-kktele-zubk-niht](https://dailyfulki.com/article/mgbajar-flaioovar-theke-cheara-kktele-zubk-niht)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5108.md](https://dailyfulki.com/news/5108.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানীর মগবাজার মোড় এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে শক্তিশালী ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় সিয়াম (২১) নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৭টা ১০ মিনিটের দিকে মগবাজার ফ্লাইওভার থেকে একটি ককটেল নিচে নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থলেই নিহত হন সিয়াম।

খুলনার দীঘলিয়া উপজেলার করোনি গ্রামের আলী আকবর ও সিজু বেগমের ছেলে সিয়াম। বর্তমানে ইস্কাটন রোডের ২০০০ গলিতে থাকতেন তিনি। ইস্কাটন রোডে জাহিদ কার ডেকোরেশনে তিনি কাজ করতেন।

হাতিরঝিল থানার উপপরিদর্শক এসআই সাইদুর রহমান তার মৃতদেহ উদ্ধার করে রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নিহতের সহকর্মী মো. অহিদুল বলেন, ‘সিয়াম ও আমি দুজনেই জাহিদ কার ডেকোরেশনে কাজ করি। সে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে চা-নাস্তা খেতে বের হয়েছিল। পরে সংবাদ পাই সে মারা গেছে।’

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ফ্লাইওভার থেকে একটি শক্তিশালী ককটেল নিচে কে বা কারা নিক্ষেপ করে। ধারণা করা হচ্ছে, ককটেলটি সরাসরি সিয়ামের (নিহত ব্যক্তি) মাথার ওপরে পড়ে। এতে সিয়াম ঘটনাস্থলেই মারা যান। ঘটনার তদন্ত চলছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
