# মানিকগঞ্জে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি নেতার মনোনয়ন পত্র সংগ্রহ,  রাজনীতিতে বিভাজনের ইঙ্গিত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-24
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/manikgnje-dleey-siddhant-omanz-kre-bienpi-netar-mnonyn-ptr-snggrh-rajneetite-bivajner-ingoit](https://dailyfulki.com/article/manikgnje-dleey-siddhant-omanz-kre-bienpi-netar-mnonyn-ptr-snggrh-rajneetite-bivajner-ingoit)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5105.md](https://dailyfulki.com/news/5105.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

মাসুম বাদশাহ, মানিকগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জে বিএনপির রাজনীতিতে উত্তাপ বাড়ছে। তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে দলটির অভ্যন্তরীণ সমীকরণে টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে। 

বিশেষ করে দুটি আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে একাধিক প্রার্থী মনোনয়ন সংগ্রহ করায় বিএনপির ঐক্য নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের নির্বাহী কমিটির সদস্য এসএ জিন্নাহ কবির। তবে একই আসনে বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তোজাম্মেল হক (তোজা) এবং প্রয়াত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোন্দকার আকবর হোসেন বাবলু ‘বিএনপি প্রার্থী’ পরিচয়ে মনোনয়নপত্র সংগ্রহ করায় বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

এ বিষয়ে এসএ জিন্নাহ কবির বলেন, “খোন্দকার আকবর হোসেন বাবলু দলীয় প্রার্থী পরিচয়ে মনোনয়ন সংগ্রহ করতে পারেন না। এটি দলীয় শিষ্টাচার পরিপন্থী। নির্বাচন কর্মকর্তারও তাকে দলীয় প্রার্থী হিসেবে অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ নেই।”

মানিকগঞ্জ-২ (সিংগাইর, হরিরামপুর ও সদর উপজেলার আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মঈনুল ইসলাম খান। এ আসনে এখন পর্যন্ত দলের ভেতরে কোনো প্রকাশ্য বিরোধ বা বিদ্রোহ লক্ষ্য করা যায়নি। তবে কমিটির দায়িত্বে থাকা সিংগাইর উপজেলা বিএনপি'র নেতারা দলীয় প্রার্থীর পক্ষে এখনো পর্যন্ত নির্বাচনী মাঠে নেয়নি।

অন্যদিকে মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া ও সদর উপজেলা) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম দলীয় প্রার্থী হলেও একই আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান আতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করায় এ আসনেও দলীয় বিভক্তি প্রকাশ্যে এসেছে।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সময়ের মধ্যে আরও প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
সব মিলিয়ে মানিকগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটের মাঠের চেয়ে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সম্ভাব্য বিদ্রোহ ও দলীয় ঐক্যের সংকটই এখন বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
