# সাভারে ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-23
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-chatr-htza-mamlay-awamee-leeg-neta-greptar](https://dailyfulki.com/article/savare-chatr-htza-mamlay-awamee-leeg-neta-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5080.md](https://dailyfulki.com/news/5080.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাভারে গুলি করে মানুষ হত্যার ঘটনায় করা মামলায় পলাতক আসামি মো. ফারুক হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। 
মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৬ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আমিনবাজার ক্যাম্পের ইনচার্জ মো. জাকির হোসেন।

গ্রেপ্তার ফারুক হোসেন ঢাকা জেলার আশুলিয়া থানার ঘুঘুদিয়া গ্রামের আকত আলীর ছেলে এবং আশুলিয়া থানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য। তিনি মাছ ব্যবসার আড়ালে আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে মাদক সিন্ডিকেড পরিচালনার মাধ্যমে শত কোটির টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সাভার নিউমার্কেটের সামনে কুমিল্লা ইউনিভার্সিটির ছাত্র আব্দুল কাইয়ুমকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার ৩১ নম্বর আসামি ফারুক হোসেন ফ্যাসিস্ট সরকারের পতনের পর থকে আত্মগোপনে চলে যান।

মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৬ নম্বর সেক্টরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জা এসআই মো. জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাভার নিউমার্কেটের সামনে কুমিল্লা ইউনিভার্সিটি ছাত্র কাইয়ুম হত্যা মামলার ৩১ নাম্বার আসামি ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় ছাত্র-জনতার হত্যার ঘটনায় আরো দুটি মামলা রয়েছে।

এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
