# ঢাকা-২০ আসনে এনসিপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-23
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhaka-20-asne-ensipi-prartheer-acrnbidhi-lnghn](https://dailyfulki.com/article/dhaka-20-asne-ensipi-prartheer-acrnbidhi-lnghn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5075.md](https://dailyfulki.com/news/5075.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ধামরাই প্রতিনিধি : নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকা-২০ আসন, ধামরাইয়ে নির্বাচনি প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে ধামরাই উপজেলার চৌহাট এলাকায় একটি বাড়ির উঠানে নির্বাচনকে সামনে রেখে আয়োজিত ‘নির্বাচনি প্রচারণা ও মতবিনিময় সভায়’ তিনি উপস্থিত ছিলেন। ওই সভায় তাকে বক্তব্য দিতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা এই মতবিনিময় সভার বিভিন্ন ভিডিওতে দেখা যায়, স্থানীয় অন্তত শতাধিক নারী-পুরুষের উপস্থিতিতে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এনসিপির এই প্রার্থী। প্রার্থীর অবস্থানের ঠিক পেছনেই রয়েছে এনসিপির প্রতীকযুক্ত নির্বাচনি প্রচারণা ও মতবিনিময় সভার ব্যানার।

এ সময় সভায় বক্তব্য শুরুর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। বক্তব্যে এনসিপির এই প্রার্থী উপস্থিত ভোটারদের কাছে এলাকার জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করার পাশাপাশি নিজের পরিচয় ও রাজনৈতিক লক্ষ্য তুলে ধরেন। বক্তব্যের শেষে হ্যান্ড মাইকে এই প্রার্থীকে ‘উপজেলা ধামরাই, গড়ে তুলবো আমরাই’ স্লোগানও দিতে দেখা যায়।

মতবিনিময় সভা শেষে সেখানে শরিফ ওসমান হাদির মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।

এর আগে গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার পৌরশহরে একটি রেস্টুরেন্টে এক ‘নির্বাচনি প্রচারণা উদ্বোধন অনুষ্ঠান’ আয়োজন করে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচনি প্রচারণাসহ নির্বাচনসংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ডের আনুষ্ঠানিক উদ্বোধনের ঘোষণা দেন এই প্রার্থী।

এ ছাড়া যোগাযোগ করলে অবশ্য এই প্রার্থী নিজেও এই প্রতিবেদকের কাছে প্রতিদিনই নির্বাচনি প্রচারণায় অংশ নিচ্ছেন বলে জানান। সর্বশেষ রবিবারও নিজ বাসার আশপাশে তিনি নির্বাচনি প্রচারণা চালিয়েছেন বলে নিশ্চিত করেন। প্রতিদিনই নির্বাচনি প্রচারণা করছেন কি না- জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘হ্যাঁ, প্রতিদিনই আপনার ভোটার যোগ করা, মানুষের সঙ্গে মিট করা—এগুলো করছি।’

যদিও পরে প্রচারণার সময় শুরুর আগেই আচরণবিধি লঙ্ঘন করে কেন তিনি নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন সেটি জানতে চাওয়া হলে তিনি নির্বাচনি প্রচারণা চালানোর এই কথা সরাসরি অস্বীকার করে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

এ সময় এনসিপির প্রার্থী নাবিলা তাসনিদ বলেন, ‘আমরা আসলে প্রচারণা করছি না। আমরা জাস্ট মানুষের সঙ্গে পরিচিত হচ্ছি। আমার বক্তব্য যদি আপনি লক্ষ্য করেন, আমরা বলেছি যে আমরা নির্বাচনি প্রচারণার যে পরিকল্পনা, সেটা শুরু করবো। তো আমরা পরিকল্পনাটা শুরু করেছি। মানুষের সঙ্গে পরিচিত হচ্ছি। কিন্তু আপনি কোথাও একটাও আমাদের কোনও মার্কাসহ লিফলেট মানুষের কাছে কিন্তু আমরা এখনও দেইনি।’

এ সময় কোনোভাবে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে না দাবি করে এই প্রার্থী বলেন, ‘আমার যারা আইনজীবী আছেন, আমরা সবকিছু একদম কমপ্লায়েন্সের ভেতরে থেকেই কাজ করি এবং এই জন্য আমি আমার একটা লিফলেটও এখনও আমার ভোটারদের কাছে দেইনি। কারণ আমি নির্বাচনি প্রচারণা একমাত্র আমার নির্বাচন কমিশনের যে গাইডলাইন, সেটার বাইরে আমি এক বিন্দুও যাবো না।’

এ সময় তিনি দাবি করেন, এখন যে জনসংযোগ তিনি করছেন, সেটি মূলত ভোটারদের সঙ্গে পরিচিত হওয়ার উদ্দেশ্যে। এটিকে নির্বাচনি প্রচারণা বলতে রাজি নন তিনি।
যদিও কথার শুরুতে এই নির্বাচনি প্রচারণা কেমন চলছে তা জানতে চাওয়া হলে এই প্রার্থী বলেন, ‘প্রচারণা আলহামদুলিল্লাহ ভালোই চলছে, আমরা রেসপন্সটা অনেক ভালো পাচ্ছি।’
যোগাযোগ করলে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ঢাকা-২০ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা খান সালমান হাবীব জানান, বিষয়টি এখনও তিনি অবগত নন।
এ সময় তিনি নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনারকে (ভূমি) জানানোর জন্য অনুরোধ করেন।
পরে এ বিষয়ে ধামরাই সহকারী কমিশনার (ভূমি) ও আচরণবিধি প্রতিপালনার্থে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফির সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি তার হোয়াটসঅ্যাপে এই প্রার্থীর গত শুক্রবারের নির্বাচনি প্রচারণা ও মতবিনিময় সভার ভিডিও পাঠিয়ে বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘যেহেতু এখনও প্রচারণা শুরু হয়নি— উনি এভাবে করতে পারেন না। আমরা ওনাকে যেহেতু সরাসরি আমাদের সম্মুখে সংঘটিত হতে দেখিনি, ওনাকে মৌখিকভাবে সতর্ক করবো। পরে সামনে এমন ঘটনা দেখলে আইনি ব্যবস্থা নেবো।’

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
