# মিরপুরে পানি উন্নয়ন বোর্ডের ৩ একর জায়গা উদ্ধার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-03
- **বিভাগ (Category)**: হোম
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/mirpure-pani-unnzn-border-3-ekr-jayga-uddhar](https://dailyfulki.com/article/mirpure-pani-unnzn-border-3-ekr-jayga-uddhar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5.md](https://dailyfulki.com/news/5.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ঢাকায় মিরপুরে বেড়ীবাঁধ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে তিন একর জায়গা উদ্ধার করেছে।

বুধবার (২ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলামের নেতৃত্বে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।

 

এ অভিযানে পানি উন্নয়ন বোর্ড, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী ও অন্যান্য অংশীজন অংশগ্রহণ করে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত মিরপুর বেড়িবাঁধ এলাকার ভূমির ওপর থেকে অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

 

পানি সম্পদ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্ছেদ অভিযানে মিরপুরের বেড়িবাঁধের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর থাকা অবৈধ স্থাপনা সেবা গ্রিনলাইন ফিলিং স্টেশন এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উভয় পাশের অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়। এ সময় পানি উন্নয়ন বোর্ড ঢাকার প্রায় তিন একর অধিগ্রহণকৃত জমি অবৈধ দখলমুক্ত হয়।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জায়গার ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া অভিযানের পাশাপাশি মিরপুরের গোড়ান-চটবাড়ি পন্ডিং এলাকা হতে কচুরিপানা পরিষ্কার করার কাজ চলমান রয়েছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
