# ওসমান হাদির জানাজা ঘিরে এক হাজার বিশেষ পুলিশ মোতায়েন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-20
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/oosman-hadir-janaja-ghire-ek-hajar-bisesh-pulis-motayen](https://dailyfulki.com/article/oosman-hadir-janaja-ghire-ek-hajar-bisesh-pulis-motayen)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4999.md](https://dailyfulki.com/news/4999.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে শনিবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ওসমান হাদির জানাজা ঘিরে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা এবং মাঠপর্যায়ে বডি ওর্ন ক্যামেরাগুলোর কার্যকারিতা যাচাই করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘কোনো নিরাপত্তা শঙ্কা নেই। মূলত বডি ওর্ন ক্যামেরাগুলো আমাদের নিয়মিত ইনস্ট্রুমেন্টের অংশ হয়ে যাচ্ছে। এ কারণেই এগুলোর কার্যকারিতা যাচাই করা প্রয়োজন, যাতে আমরা কেন্দ্রীয়ভাবে মাঠের কার্যক্রম তদারকি করতে পারি।’

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে তার লাশ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওসমান হাদির জানাজা ও দাফন উপলক্ষে নানা প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও।

শুক্রবার রাতে সিন্ডিকেটের এক অনলাইন বৈঠকে মি. হাদির দাফন ঘিরে ক্যাম্পাস এলাকা—বিশেষ করে কবি নজরুল সমাধিস্থলের আশপাশে—কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ।        
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
