# ‘ভাইয়া আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাইখেন’— বলে কেঁদেছিলেন ওসমান হাদি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-18
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/vaya-amar-baccatar-dike-ektu-kheyal-raikhen-ble-kenndechilen-oosman-hadi](https://dailyfulki.com/article/vaya-amar-baccatar-dike-ektu-kheyal-raikhen-ble-kenndechilen-oosman-hadi)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4928.md](https://dailyfulki.com/news/4928.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা ও দেশে-বিদেশের মানুষের দোয়া—সব প্রচেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি।

ওসমান হাদির মৃত্যুর পর সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন বক্তব্যের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ‘ভাইয়া, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাইখেন’—শিরোনামের একটি ভিডিও ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

 

ভিডিওটি এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে দেওয়া এক সাক্ষাৎকারের অংশ। সেখানে আবেগপ্রবণ কণ্ঠে ওসমান হাদি বলেছিলেন, তিনি নিজেকে আল্লাহর ওপর সোপর্দ করেছেন এবং তার সদ্যোজাত সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর অনুভূতির কথা প্রকাশ করেছিলেন। ওই বক্তব্যে তিনি সততা, সাহস ও সংগ্রামের পথে অবিচল থাকার অঙ্গীকারের কথাও তুলে ধরেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে হামলাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পলাতক এবং ভারতে অবস্থান করছেন—এমন আলোচনা রয়েছে।

ঢাকা–৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
