# হাসিনাসহ ১২ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-18
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/hasinash-12-sena-krmkrtader-biruddhe-ovizog-gthner-ades-aj](https://dailyfulki.com/article/hasinash-12-sena-krmkrtader-biruddhe-ovizog-gthner-ades-aj)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4892.md](https://dailyfulki.com/news/4892.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বিগত আওয়ামী লীগের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) ২৬ জনকে গুম, নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক-বর্তমান ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ আজ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এ বিষয়ে আদেশ দিতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর বিচারিক প্যানেল।

গত ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি করে৷ মামলায় সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনা হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষ বলে, জেআইসি সেলে শত শত মানুষকে বন্দি করে নির্যাতন করা হয়েছে। আবদুল্লাহিল আমান আযমী, মাইকেল চাকমাসহ ২৬ জন নির্যাতনের পর মুক্তি পান। সকল গুমের নির্দেশনা দিতেন শেখ হাসিনা। তা সেনা কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিক।

পরে শেখ হাসিনাসহ বাকি আসামিদের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা।

এ মামলায় শেখ হাসিনা, তারিক সিদ্দিক ছাড়াও ডিজিএফআইয়ের সাবেক ৫ মহাপরিচালক ও ৫ পরিচালক ও একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেল আসামি। তবে এই মামলায় তিনজন গ্রেফতার রয়েছেন।

এদিকে, জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে ২য় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
