# রাজধানীতে ১২ হাজার পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-17
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/rajdhaneete-12-hajar-pis-yabash-3-jn-greftar](https://dailyfulki.com/article/rajdhaneete-12-hajar-pis-yabash-3-jn-greftar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4879.md](https://dailyfulki.com/news/4879.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপ-পরিচালক শামীম আহম্মেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন—রুপাইনচিং চাকমা (৪৫), চইমিয়া চাকমা (৪১) এবং ওমং থাইং চাকমা (৪২)। তারা সবাই কক্সবাজার জেলার উখিয়া থানার বাসিন্দা।

 

শামীম আহম্মেদ জানান, যাত্রাবাড়ী থানার মেয়র হানিফ ফ্লাইওভারের ৬ নম্বর টোল প্লাজার ৪ নম্বর লাইনের পশ্চিম পাশে অস্থায়ী মাদকবিরোধী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় রাঙামাটি থেকে ঢাকার কলাবাগানগামী ডলফিন পরিবহন বাসে তল্লাশি চালিয়ে ১২ হাজার পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

অভিযানে ডিএনসি ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ধানমন্ডি সার্কেলের একটি চৌকস টিম বাসটির ভেতর থেকে তিনজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে এই ইয়াবা উদ্ধার করা হয়।

 

ডিএনসি আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা কক্সবাজার-ঢাকা সরাসরি রুট ব্যবহার না করে প্রথমে রাঙামাটি হয়ে বান্দরবান ডলফিন পরিবহনের মাধ্যমে ঢাকায় এসে বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করত।

 

এ ঘটনায় ইয়াবার পাশাপাশি মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন ও দুটি বাস টিকিট জব্দ করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
