# যাত্রীদের ব্যাগেজ নিরাপত্তায় বডি ক্যামেরা চালু করলো বিমান

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-17
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/zatreeder-bzagej-nirapttay-bdi-kzamera-calu-krlo-biman](https://dailyfulki.com/article/zatreeder-bzagej-nirapttay-bdi-kzamera-calu-krlo-biman)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4874.md](https://dailyfulki.com/news/4874.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ব্যাগেজ ব্যবস্থাপনায় নিরাপত্তা, স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগেজ হ্যান্ডলিংয়ে নিয়োজিত কর্মীদের জন্য বডি ক্যামেরা চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট (জিএইচএ) হিসেবে প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ গ্রহণ করেছে বিমান। যাতে যাত্রীদের ব্যাগেজ আরো নিরাপদ ও স্বচ্ছভাবে পরিচালনা নিশ্চিত করা যায়। উদ্যোগের আওতায় ব্যাগেজ পরিবহনে যুক্ত ট্রাফিক স্টাফদের বডি ক্যামেরা প্রদান করা হয়েছে।

বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এতে বলা হয়, এই ব্যবস্থার মাধ্যমে বিমানের কার্গো হোল্ড থেকে ব্যাগেজ নামানো, কনভেয়ার বেল্ট দিয়ে পরিবহন এবং যাত্রীদের কাছে চূড়ান্তভাবে হস্তান্তর-ব্যাগেজ ব্যবস্থাপনার পুরো প্রক্রিয়াই ধারাবাহিকভাবে নজরদারির আওতায় আসবে।

উদ্যোগটি বিমানের নিজস্ব অভ্যন্তরীণ ফ্লাইটের পাশাপাশি যেসব বিদেশি বিমান সংস্থার গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা বিমান প্রদান করে, সেসব আন্তর্জাতিক ফ্লাইটেও প্রযোজ্য হবে। ফলে সব কার্যক্রমে নিরাপত্তা ও স্বচ্ছতার একটি অভিন্ন মান নিশ্চিত হবে।

বিমানের কর্মকর্তারা জানান, এ পদক্ষেপ ব্যাগেজ নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পাশাপাশি কার্যক্রমে স্বচ্ছতা ও কর্মীদের জবাবদিহি উন্নত করবে।

ব্যাগেজ সংক্রান্ত কোনো অভিযোগের ক্ষেত্রে সংরক্ষিত ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দ্রুত ঘটনার সত্যতা যাচাই এবং সময়োপযোগী ও যথাযথ সমাধান নিশ্চিত করা যাবে।

জাতীয় পতাকাবাহী সংস্থাটি মনে করে, এ উদ্যোগ আধুনিক প্রযুক্তি গ্রহণ, পেশাদারিত্ব বজায় রাখা এবং যাত্রীকেন্দ্রিক সেবাকে অগ্রাধিকার দেওয়ার প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস আরো পুনর্ব্যক্ত করেছে যে, গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা আধুনিকায়নের ধারাবাহিকতায় যাত্রী নিরাপত্তা, সেবার মান ও আস্থা তাদের কার্যক্রমের কেন্দ্রবিন্দুতেই থাকবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
