# ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবস উদযাপন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-17
- **বিভাগ (Category)**: বিশ্ব
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/islamabade-banglades-haikmisne-bijy-dibs-udzapn](https://dailyfulki.com/article/islamabade-banglades-haikmisne-bijy-dibs-udzapn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4855.md](https://dailyfulki.com/news/4855.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

**পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে যথাযথ মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। **

দিবসটি উপলক্ষ্যে হাইকমিশন কমপ্লেক্সে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা আয়োজন করা হয়। হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্য এবং প্রবাসী বাংলাদেশিরা এ অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করে। বিজয় দিবসের ব্যানার ও পোস্টার দিয়ে দূতালয় প্রাঙ্গণ সুসজ্জিত করা হয়।  

মঙ্গলবার সকালে হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান উপস্থিত সকলকে নিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। তারপর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। পরে মহান বিজয় দিবসের তাৎপর্যভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। আলোচনাপর্বে বক্তারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন।

সমাপনী বক্তব্যে হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান বলেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির এক গৌরবোজ্জ্বল দিন। তিনি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ, যুদ্ধাহতসহ সকল বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রমহারা মা-বোন, শহীদ পরিবারের সদস্য ও স্বাধীনতা আন্দোলনে অবদান রাখা সকল সংগ্রামী যোদ্ধাদের, যাদের ত্যাগ ও আত্মদানের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এ ছাড়া, তিনি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র-জনতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
