# নির্বাচন সামনে রেখে এগিয়ে আনা হলো কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-15
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/nirwacn-samne-rekhe-egiye-ana-hlo-koomee-madrasar-bord-preeksha](https://dailyfulki.com/article/nirwacn-samne-rekhe-egiye-ana-hlo-koomee-madrasar-bord-preeksha)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4806.md](https://dailyfulki.com/news/4806.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

**আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে। দাওরায়ে হাদিসের পাশাপাশি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিতব্য বিভিন্ন পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।**

রোববার (১৪ ডিসেম্বর) বেফাকের খাস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পরীক্ষা বিভাগের প্রস্তাবনার আলোকে বেফাকের অধীনে বোর্ড পরীক্ষা ২৭ রজব ১৪৪৭ হিজরি মোতাবিক ১৭ জানুয়ারি ২০২৬ শনিবার শুরু হবে এবং ৪ শাবান ১৪৪৭ হিজরি মোতাবিক ২৪ জানুয়ারি ২০২৬ শনিবার শেষ হবে। শুক্রবারসহ মোট আট দিন এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ওই সভায় বেফাকের খাস কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়াসহ অন্যান্য সদস্যরা।

 

এর আগে হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের অধীনে দাওরায়ে হাদিস (তাকমীল) পরীক্ষার সময়সূচিও পরিবর্তন করা হয়। গতকাল ১৪ ডিসেম্বর আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যানের নির্দেশে অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৭ হিজরি মোতাবিক ৭ বা ৮ শাবান এবং ইংরেজি তারিখ অনুযায়ী ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু হবে। টানা ১০ দিন পরীক্ষা চলবে এবং ১৬ বা ১৭ শাবান ১৪৪৭ হিজরি মোতাবিক ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার পরীক্ষা শেষ হবে। পরীক্ষার তারিখ নির্ধারণের ক্ষেত্রে ইংরেজি তারিখই চূড়ান্ত বলে গণ্য হবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, শুক্রবার পরীক্ষা শুরু হবে সকাল ৮টায় এবং শেষ হবে সকাল ১১টা ৩০ মিনিটে। বাকি নয় দিন পরীক্ষা শুরু হবে সকাল ৯টায় এবং শেষ হবে দুপুর ১২টা ৩০ মিনিটে। প্রথম দিন তিরমিযী শরীফ আউওয়াল এবং শেষ দিন মুওয়াত্তায়ে ইমাম মালিক ও মুওয়াত্তায়ে ইমাম মুহাম্মদ (রহ.)-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকালীন পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা আয়োজন নিশ্চিত করতেই কওমী মাদ্রাসার উভয় বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
