# ফেরার আগে লন্ডনে জনসভা করবেন তারেক রহমান

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-15
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ferar-age-lndne-jnsva-krben-tarek-rhman](https://dailyfulki.com/article/ferar-age-lndne-jnsva-krben-tarek-rhman)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4803.md](https://dailyfulki.com/news/4803.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

যুক্তরাজ্যের লন্ডন থেকে আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে এক আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান। সম্ভবত এটি হতে যাচ্ছে তার দেশে ফেরার আগে লন্ডনে সর্বশেষ জনসভা।

জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার পূর্ব লন্ডনের সিটি প্যাভিলিয়ন হলে অনুষ্ঠিত হবে এ জনসভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান।

 

যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু বলেন, সবাই অপেক্ষা করছে দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের সর্বশেষ জনসভায় অংশ নিতে। এ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।

অনুষ্ঠানটি পরিচালনা করবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক তার ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করে বলেন, ১৬ ডিসেম্বর বিকেল ৫টা পূর্ব লন্ডনের সিটি প্যাভিলিয়ন হলে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন তারেক রহমান। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর থেকে যুক্তরাজ্যেই আছেন তিনি।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
