# গোপালগঞ্জে সংঘর্ষের নিহত ৪, সংখ্যা বাড়তে পারে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-16
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/gopalgnje-sngghrsher-niht-4-sngkhza-barte-pare](https://dailyfulki.com/article/gopalgnje-sngghrsher-niht-4-sngkhza-barte-pare)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/474.md](https://dailyfulki.com/news/474.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

গোপালগঞ্জ সংবাদদাতা : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ), ছাত্রলীগের (নিষিদ্ধ) নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে কমপক্ষে চার জন নিহত হয়েছেন।

তবে সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিতে হাসপাতালে গেলেও তাদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। আবার অনেকেই বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বুধবার (১৬ জুলাই) বিকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের লাশ সদর হাসপাতালে রাখা আছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এখন পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

তবে সংবাদমাধ্যম প্রথম আলোর একটি প্রতিবেদনে নিহত তিন জনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন- গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮) ও টুঙ্গীপাড়ার সোহেল মোল্লা (৪১)। আরেকটি গণমাধ্যমের প্রতিবেদনে গোপালগঞ্জ সদরের ইমনের (২৪) নাম নিহত হিসেবে উল্লেখ করা হয়।

এর আগে দুপুরে শহরের পৌর পার্কে জয় বাংলা স্লোগান দিয়ে এনসিপির সমাবেশে হামলা করা হয়। এরপরও সেখানে গিয়ে সমাবেশ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সমাবেশ শেষে মাদারীপুরের দিকে রওনা দিলে তাদের ঘিরে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ বাধে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
