# শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ছাত্রদলের

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-16
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sheed-abu-saeeder-kbr-jiyart-chatrdler](https://dailyfulki.com/article/sheed-abu-saeeder-kbr-jiyart-chatrdler)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/470.md](https://dailyfulki.com/news/470.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী গণআন্দোলনে পুলিশের গুলিতে নিহত বীর শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাত বার্ষিকীতে তাঁর কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বুধবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

এ সময় রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, সহ-সভাপতি এম এম মুসা, যুগ্ম সম্পাদক সালেহ মো. আদনান, যুগ্ম সম্পাদক তাইজুল ইসলাম, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সভাপতি রবিন খান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মো. আলামিন ইসলাম, সদস্যসচিব রাশেদ মণ্ডল, রংপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা, সদস্যসচিব সুজনসহ জেলা বিএনপি ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ভবিষ্যতে আর কখনও বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া হবে না। তবে আবু সাঈদ, ওয়াসিমরা যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছিলেন, শহীদ হয়েছেন, আজ এক বছর পরে কেন সে ঐক্য বিনষ্ট হলো? কেন আজ আবারও ফ্যাসিবাদ কায়েমের আওয়াজ শুনছি? কেন এখনও ছাত্রলীগের বিচার হলো না, কেন আবু সাঈদ-ওয়াসিমকে যারা হত্যা করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হলো না?’ 

অন্তর্বর্তী সরকার আবু সাঈদের হত্যাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সভাপতি।

বিকেলে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সম্মুখ সড়কে বিভাগীয় ছাত্র সমাবেশে বক্তব্য রাখবেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
