# নির্বাচনে সব পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-10
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/nirwacne-sb-pulis-sdszke-stvag-nirpeksh-thakte-hbe-diempi-kmisnar](https://dailyfulki.com/article/nirwacne-sb-pulis-sdszke-stvag-nirpeksh-thakte-hbe-diempi-kmisnar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4671.md](https://dailyfulki.com/news/4671.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

**ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে সব পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষতা বজায় রাখতে হবে এবং সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।**

বুধবার (১০ ডিসেম্বর) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে নভেম্বর-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে উপস্থিত ডিএমপির পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

 

সদ্য যোগদানকৃত ডিএমপির বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের উদ্দেশে তিনি আরও বলেন, নতুন ওসিদের থানা এলাকার অপরাধ চিত্র ও পরিস্থিতি ভালোভাবে বুঝে নিতে হবে। অপরাধ নিয়ন্ত্রণে অভ্যাসগত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার বিপিএম-সেবা (অতিরিক্ত আইজি) বলেন, অপরাধ দমন ও নিয়ন্ত্রণে প্রত্যেক থানায় টহল কার্যক্রম জোরদার করতে হবে। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা প্রতিস্থাপন করা হবে। টহল কাজে সরকারি মোটরসাইকেল ব্যবহারেরও নির্দেশনা দেন তিনি।

 

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম পিপিএম বলেন, নতুন ডিসি ও ওসিদের প্রত্যেক থানার নিজস্ব ক্রাইম প্যাটার্ন অনুযায়ী কাজ করতে হবে। মামলা নিষ্পত্তি ও ওয়ারেন্ট তামিলের ক্ষেত্রে কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে হবে। কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের মাধ্যমে গৃহকর্মী নিয়োগে পরিচয়পত্র যাচাই এবং অপরিচিতদের বিষয়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন তিনি। এছাড়া আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসকে সামনে রেখে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন।

সভায় যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন নভেম্বর-২০২৫ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি—ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন মামলার পরিসংখ্যান উপস্থাপন করেন। এসময় ডিএমপি কমিশনার উপস্থিত কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

মাসিক অপরাধ সভায় নভেম্বর মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানে উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বিপিএম প্রমুখ।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
