# চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছাড়ালো

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-10
- **বিভাগ (Category)**: স্বাস্থ্য
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/clti-bchr-dengoute-mrritzu-400-charalo](https://dailyfulki.com/article/clti-bchr-dengoute-mrritzu-400-charalo)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4660.md](https://dailyfulki.com/news/4660.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

**ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০১ জনে। আক্রান্ত হয়েছে ৯৮ হাজার ৭০৫ জন।**

মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের দু’জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা। অন্যজন বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে)।

আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রোগী রয়েছে।

 

নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৬১.৫ শতাংশ এবং নারী ৩৮.৫ শতাংশ। এ দিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫২৮ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে ছাড়পত্র পেল মোট ৯৬ হাজার ৭৬০ জন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু ছড়িয়েছে ৬৪ জেলায়। আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে ঢাকা মহানগর। দ্বিতীয় অবস্থানে আছে বরিশাল বিভাগ।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি এক হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

সর্বশেষ ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়। মৃত্যু হয় ৫৭৫ জনের।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
