# চালু হতে যাচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-09
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/calu-hte-zacche-dhaka-pabna-srasri-tren](https://dailyfulki.com/article/calu-hte-zacche-dhaka-pabna-srasri-tren)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4615.md](https://dailyfulki.com/news/4615.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আগামী ২০২৬ সালের মার্চ মাসে পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন চালু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সড়ক, সেতু ও রেল যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে পাবনার পাকশী বিভাগীয় রেল কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শেখ মঈনুদ্দিন বলেন, ‘বর্তমানে রেল বিভাগে কিছু কোচ সংকট রয়েছে। অল্পদিনেই তা নিরসনের মধ্য দিয়ে মার্চ মাস থেকে পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন চালুর প্রস্তুতি নিচ্ছে রেল বিভাগ।

এসময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহনের উদ্দেশে নির্মিত অপব্যবহৃত রেলস্টেশনটি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি।

সারা দেশে নৌ, রেল ও সড়ক পথে সমন্বিত আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ার পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ‘দেশের জেলা পর্যায়ের সংযোগকারী মহাসড়ক চারলেনে উন্নীতকরণ ও প্রধান সড়কগুলো প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। পুরনো জেলা হিসেবে পাবনার প্রধান আব্দুল হামিদ সড়ক প্রশস্তকরণে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে সরকার।’

তিনি বলেন, ‘পাশাপাশি আরিচা খাসচর ফেরী সংযোগ প্রকল্প, পাকশী-বাধেরহাট সড়ক প্রশস্তকরণ, কাশীনাথপুর-উল্লাপাড়া সড়ক প্রশস্তকরণ প্রকল্প সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

 

একই সাথে ঈশ্বরদী রেলগেটে যানজট নিরসনে ওভারপাস নির্মাণের আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।’

 

এর আগে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস ও জেলা বিএনপির আহ্বায়ক ও পাবনা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিনের কাছে পাবনাবাসীর পক্ষ থেকে যোগাযোগ উন্নয়নে দীর্ঘদিনের দাবিগুলো তুলে ধরেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন গতকাল সোমবার ঈশ্বরদী আসেন। আজ মঙ্গলবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও উপদেষ্টার ছাত্রজীবনের স্মৃতি বিজড়িত নর্থ বেঙ্গল পেপারমিল স্কুল পরিদর্শন করেন তিনি।

 

এ সময় পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির মহাসচিব আবু আহসান খান রেয়ন ও পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
