# দেশের ৩ এলাকার বাতাস আজ ‘দুর্যোগপূর্ণ’

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-09
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/deser-3-elakar-batas-aj-durzogpuurn](https://dailyfulki.com/article/deser-3-elakar-batas-aj-durzogpuurn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4587.md](https://dailyfulki.com/news/4587.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

শীত যতই এগিয়ে আসছে ততই দেশের বায়ুমানের অবনতি হচ্ছে। আজ দেশের তিনটি এলাকায় বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে। এগুলো হলো— খুলনা, ঢাকার সাভার এবং গাজীপুরের কাপাসিয়া। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুমান সূচক থেকে এ তথ্য জানা গেছে।

 

আজ দেশের সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে গাজীপুরের কাপাসিয়ায়। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ৩০০ পার করলেই যেখানে বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচনা করা হয়, সেখানে এই শহরের স্কোর রয়েছে ৪৭৭। এদিন খুলনার বাতাসের স্কোর ৩৮০ এবং সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় একিউআই স্কোর বিরাজ করছে ৩১৭। এই দুই স্থানেও দুর্যোগপূর্ণ বাতাস বিরাজ করছে।

আজ রাজধানী ঢাকায় গড় ২৩৫ স্কোর নিয়ে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এদিন ঢাকার গোড়ান (২৮৯) এলাকা রয়েছে দূষণের শীর্ষে। তালিকায় এর পরেই রয়েছে বেচারাম দেউড়ি (২৭৯), মাদানি সরণির বেজ এজওয়াটার (২৭১), দক্ষিণ পল্লবী (২৩৮), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (২৩৬), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৩৪), মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৩৩), কল্যাণপুর (২৩১) ও পীরেরবাগ রেললাইন (২১০) এলাকা। এসব এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’।

 

বায়ুদূষণের প্রধান উপাদান হলো—বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে গাজীপুরের কাপাসিয়ার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৬৩ গুণ, খুলনায় ৫৩ গুণ, সাভারে ৪৭ গুণ এবং ঢাকায় গড়ে ৩২ গুণ বেশি রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

 

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
