# একই দিনে নির্বাচন ও গণভোটে সম্মতি জামায়াতসহ আট দলের

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-08
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/eki-dine-nirwacn-oo-gnvote-smmti-jamayatsh-at-dler](https://dailyfulki.com/article/eki-dine-nirwacn-oo-gnvote-smmti-jamayatsh-at-dler)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4573.md](https://dailyfulki.com/news/4573.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্ত মেনে নিয়েছে নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত জামায়াতসহ ইসলামী সমমনা আট দল। সোমবার (৮ ডিসেম্বর) রাতে লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।

সংবাদ সম্মেলনে শরিক দল খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুল কাদের বলেন, গণভোটে ‘হ্যাঁ’ নিশ্চিত করতে ডিসেম্বরজুড়ে প্রচারণা চালাবে আট দলের শরিক সংগঠনগুলো। তবে একই দিনে নির্বাচন ও গণভোট মেনে নিলেও—লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ‘ফ্যাসিস্ট অপরাধীদের’ বিচার এবং ফ্যাসিবাদের সহযোগী রাজনৈতিক দলগুলোর ওপর নিষেধাজ্ঞার দাবি বহাল রয়েছে বলে জানান তিনি।

 

এর আগে পুরানা পল্টনের কালভার্ট রোডে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিনিধিরা সভায় অংশ নেন।

 

জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে এরই মধ্যে দেশের আট বিভাগে সমাবেশ করেছে ইসলামী দলগুলো।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
