# ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় এনসিপির সমন্বয় কমিটি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-08
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ghoshnar-6-mas-pr-tungoipadaz-ensipir-smnwz-kmiti](https://dailyfulki.com/article/ghoshnar-6-mas-pr-tungoipadaz-ensipir-smnwz-kmiti)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4571.md](https://dailyfulki.com/news/4571.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

গোপালগঞ্জ সংবাদদাতা : সামাজিক মাধ্যম ফেসবুকে ঘোষণা দেওয়ার ৬ মাস পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত রোববার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। 

৪০ সদস্য বিশিষ্ট এ কমিটিতে উপজেলার প্রধান সমন্বয়কারীর পদ পেয়েছেন মুতাসিম বিল্লাহ (এম বিল্লাহ), যুগ্ম সমন্বয়কারীর পদ পেয়েছেন শাহিদ আলম, শফিকুল ইসলাম, কোকিল মিয়াসহ মোট ১০ জন। এ ছাড়া সদস্য পদ পেয়েছেন আরও ২৯ জন। 

 

আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত এ কমিটি কার্যকর থাকবে বলে এনসিপির অফিসিয়াল পেজে জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী আরিফুল দাড়িয়া বলেন, সংগঠনের সম্প্রসারণ ও কার্যক্রম গতিশীল করতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

 

২০২৫ সালের ৪ জুন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অফিসিয়াল ফেসবুক পেজে টুঙ্গিপাড়া, কোটালীপাড়াসহ ২০টি উপজেলা সমন্বয় কমিটি শিগগিরই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছিল। সেই ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ার সমন্বয় কমিটি ঘোষণা করল দলটি। 

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
