# পঞ্চগড়ে শীতের দাপট, টানা তিন দিন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-08
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/pncgre-seeter-dapt-tana-tin-din-tapmatra-10-digrir-ghre](https://dailyfulki.com/article/pncgre-seeter-dapt-tana-tin-din-tapmatra-10-digrir-ghre)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4544.md](https://dailyfulki.com/news/4544.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের দাপট দিন দিন আরও তীব্র হচ্ছে। টানা তিন দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা নামছিল ১০ দশমিক ৬ ডিগ্রিতে, তখন বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।

আবহাওয়া অফিস জানায়, সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে দেখা গেছে, দিনের বেলায় রোদেলা আবহাওয়া থাকলেও সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে।

এদিকে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে গেছে শীতজনিত রোগের প্রকোপও। শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে সর্দি–কাশি, জ্বর, নিউমোনিয়া ও অ্যালার্জিজনিত সমস্যা নিয়ে। স্থানীয় হাসপাতালগুলোতে এসব রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

স্থানীয় বাসিন্দা রহিমা বেগম বাংলানিউজকে বলেন, সন্ধ্যার পর গরম কাপড় ছাড়া থাকা যায় না। আমার দুই সন্তান সর্দি-কাশিতে ভুগছে। গত দুই দিনে হাসপাতালে যেতে হয়েছে।

অন্যদিকে রিকশাচালক আব্দুল হাদি বাংলানিউজকে বলেন, ভোরে রাস্তায় বের হওয়া খুব কষ্টকর। কুয়াশায় রাস্তা দেখা যায় না, আর ঠান্ডায় হাত-পা জমে আসে। তবুও কাজ করতে হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বাংলানিউজকে জানান, টানা তিন দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ধীরে ধীরে তাপমাত্রা আরও কমতে পারে, ফলে শীতের তীব্রতা বাড়বে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
