# মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে ডুবে দুই চাচাতো ভাইয়ের করুণ মৃত্যু

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-06
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/manikgnje-kaligngoa-ndeete-dube-dui-cacato-vayer-krun-mrritzu](https://dailyfulki.com/article/manikgnje-kaligngoa-ndeete-dube-dui-cacato-vayer-krun-mrritzu)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4500.md](https://dailyfulki.com/news/4500.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

মাসুম বাদশাহ, মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলায় দাদির সঙ্গে ঘুরতে বের হয়ে কালিগঙ্গা নদীতে পড়ে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে সদর উপজেলার গিলন্ড মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু ছিল তাদের পরিবারের একমাত্র ছেলে সন্তান।

নিহতরা হল—জুনায়েদ মন্ডল (আড়াই বছর), সদর উপজেলার আলী আজগর মন্ডল ও সাহেরা দম্পতির ছেলে এবং জামিল মন্ডল (দুই বছর তিন মাস), আলী আকবর মন্ডল ও তাসলিমা আক্তার দম্পতির সন্তান।

নিহত জামিলের নানী জানান, সকাল সাড়ে সাতটার দিকে দাদির সঙ্গে বাড়ির বাইরে ঘুরতে বের হয় জুনায়েদ ও জামিল। কিছুক্ষণ পর দাদির অগোচরে তারা কালিগঙ্গা নদীর পাড়ে চলে যায়। দাদি বাড়িতে ফিরে তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয়রাও অনুসন্ধানে যোগ দেন।

প্রায় এক ঘণ্টা পর সকাল সাড়ে আটটার দিকে নদীর পাড়ে ভাসমান অবস্থায় প্রথমে জামিলের মরদেহ এবং অল্প দূরেই জুনায়েদের মরদেহ দেখতে পান স্বজনরা। দ্রুত উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

একই পরিবারের দুই শিশু সন্তানের এমন করুণ মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোক।
মানিকগঞ্জ সদর থানার এসআই পুলক কুমার দাস মজুমদার জানান, ঘটনাটি তদন্ত করে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
