# ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে রিশাদ, ইমন-শরিফুলদের বড় লাফ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-16
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/kzarizar-sera-rzankingze-risad-imn-srifulder-br-laf](https://dailyfulki.com/article/kzarizar-sera-rzankingze-risad-imn-srifulder-br-laf)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/448.md](https://dailyfulki.com/news/448.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন রিশাদ হোসেন। আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিং হালনাগাদে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন এই লেগ স্পিনার। বুধবার প্রকাশিত সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলাম ও লিটন দাস।

ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৮ রানে ৩ উইকেট নেওয়া রিশাদ সিরিজের প্রথম ম্যাচেও নিয়েছিলেন ১ উইকেট। দুই ম্যাচে ৪ উইকেট নিয়ে টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ৬২৩ রেটিং পয়েন্টে এখন ১৭ নম্বরে তিনি। এটি তার ক্যারিয়ার সেরা।

দ্বিতীয় ম্যাচ দিয়ে একাদশে ফেরা বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ১২ রানে ২ উইকেট নিয়ে এগিয়েছেন ২০ ধাপ, উঠে এসেছেন ৫৭ নম্বরে। মুস্তাফিজুর রহমান রয়েছেন আগের মতো ২৬তম স্থানে। তবে শেখ মেহেদী হাসান ও তাসকিন আহমেদ ৪ ধাপ করে পিছিয়ে যথাক্রমে ২৫ ও ২৯ নম্বরে নেমে গেছেন।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সবচেয়ে বড় উন্নতি নুয়ান থুসারার, তিনি ৯ ধাপ এগিয়ে এখন ১৬তম। ওয়ানিন্দু হাসারাঙ্গা ২ ধাপ পিছিয়ে আছেন ৬ নম্বরে। বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি।

ব্যাটিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ উন্নতি লিটনের। দ্বিতীয় ম্যাচে ৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলে ৭ ধাপ এগিয়ে ৫৪১ রেটিং পয়েন্ট নিয়ে ৪৪ নম্বরে উঠেছেন তিনি। প্রথম ম্যাচে ২২ বলে ৩৮ রান করা পারভেজ হোসেন ইমন ১২ ধাপ এগিয়ে ৮৫ নম্বরে। তাওহিদ হৃদয় ১ ধাপ এগিয়ে ৪১তম, বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তিনি সবচেয়ে ওপরে। তানজিদ হাসান তামিম দুই ম্যাচে মোট ২১ রান করে ২ ধাপ পিছিয়ে ৫৫ নম্বরে নেমে গেছেন। অন্যদিকে, প্রথম টি-টোয়েন্টিতে ৭৩ রানের দারুণ ইনিংস খেলা কুশল মেন্ডিস ৩ ধাপ এগিয়ে উঠেছেন ১৫ নম্বরে। 

ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। সেরা তিনে তার সঙ্গে ভারতের দুই তরুণ, আভিশেক শর্মা ও তিলক ভার্মা। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের কেউ সেরা ৩০-এ নেই। তবে মেহেদী হাসান মিরাজ ২১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪১তম স্থানে। এই তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের হার্দিক পান্ডিয়া।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
