# ১১৭২ জাল সনদধারী শিক্ষক শনাক্ত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-03
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/1172-jal-snddharee-sikshk-snakt](https://dailyfulki.com/article/1172-jal-snddharee-sikshk-snakt)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4458.md](https://dailyfulki.com/news/4458.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে এক হাজার ১৭২ জন জাল সনদধারী শিক্ষককে শনাক্ত করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। জাল সনদে চাকরি করা এসব শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা হিসেবে নেওয়া অর্থসহ, ভুয়া নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট ও আইটিসহ বিভিন্ন ধরনের আর্থিক অনিয়মের কারণে ২৫৩ কোটি টাকা ফেরতের সুপারিশ করা হয়েছে।

 

একই সঙ্গে তাদের শাস্তির সুপারিশ করা হবে। ডিআইএ পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জাল সনদধারীদের একটি তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে।তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করা হবে।

ডিআইএর নথির তথ্যানুযায়ী, সবচেয়ে বেশি জাল সনদধারী শনাক্ত হয়েছে রাজশাহী বিভাগে। এ বিভাগের ৭৭৯ জন শিক্ষক-কর্মচারীর সনদ জাল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ১২০ জন, ঢাকা বিভাগে ৭০ জন, খুলনা বিভাগে ১৭৯, চট্টগ্রাম বিভাগে ২৪ জনের সনদ জাল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, এক হাজার ১৭২ জন জাল সনদধারী শিক্ষক শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৪০০ জনের সনদ সম্পূর্ণ ভুয়া। এরমধ্যে প্রায় ৩০০ জনের সনদ অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

জাল সনদধারী হিসেবে শনাক্ত হওয়াদের মধ্যে প্রথম ধাপে ৪০০ শিক্ষকের একটি তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে ডিআইএ। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতেও প্রতিবেদনে সুপারিশ করা হচ্ছে বলে জানা গেছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
