# জুলাই যোদ্ধাদের জন্য মিরপুরে হবে ১৫৬০টি ফ্ল্যাট, একনেকে অনুমোদন|dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-12-01
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/julai-zoddhader-jnz-mirpure-hbe-1560ti-flzat-ekneke-onumodndailyfulki](https://dailyfulki.com/article/julai-zoddhader-jnz-mirpure-hbe-1560ti-flzat-ekneke-onumodndailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4423.md](https://dailyfulki.com/news/4423.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : মিরপুরে আহত জুলাই যোদ্ধাদের ১৫৬০টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। এ জন্য ১ হাজার ৩৪৪ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। আজ সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ–সংক্রান্ত প্রকল্প অনুমোদিত হয়।

প্রকল্পের শিরোনাম ঢাকার মিরপুর ১ নম্বর সেকশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-২০২৪–এ কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধা পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের জন্য ১৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ।

এ বছরের জুলাই মাস থেকে ২০২৯ সালের জুন মাসের মধ্যে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এই প্রকল্প বাস্তবায়ন করবে।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-২৪–এ শহীদ পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের জন্য আলাদা প্রকল্প নেওয়া হয়েছে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে। এতে খরচ হবে ৭৬১ কোটি টাকা। ২০২৮ সালে প্রকল্পটি শেষ হবে। এ প্রকল্পটিও আজ পাস হয়।

আজকের একনেক সভায় সব মিলিয়ে ১৭টি প্রকল্প পাস হয়েছে। এতে খরচ হবে ১৫ হাজার ৩৮৩ কোটি টাকা।

এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৯ হাজার ৪৫১ কোটি টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৬১০ কোটি টাকা এবং প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি টাকা।

প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভা অনুষ্ঠিত হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ১৩টি এবং সংশোধিত প্রকল্প ৫টি।

একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের অবহিত করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
