# জেলখানায় হল-মার্কের কারাবন্দি এমডি তানভীরের মৃত্যু|dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-30
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jelkhanay-hl-marker-karabndi-emdi-tanveerer-mrritzudailyfulki](https://dailyfulki.com/article/jelkhanay-hl-marker-karabndi-emdi-tanveerer-mrritzudailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4406.md](https://dailyfulki.com/news/4406.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ঋণ জালিয়াতির দায়ে কারাবন্দি হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ মারা গেছেন।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে কারা কর্তৃপক্ষের বার্তায় জানানো হয়েছে।

সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, এদিন দুপুর দেড়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তানভীর রহমানকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে ভর্তি করানো হয় বিকাল ৪টার দিকে।

তানভীর যে মামলায় কারাবন্দি ছিলেন, সেটি প্রায় এক যুগ আগের। অস্তিত্বহীন কোম্পানির নামে ঋণ নিয়ে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওই মামলা হয়।

এ মামলায় ২০২৪ সালের ১৯ জুন রায় দেয় আদালত। এতে তানভীর মাহমুদ এবং তার স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলামসহ নয়জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়।

সোনালী ব্যাংক থেকে প্রায় চার হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের ঘটনায় ২০১২ সালে হল-মার্ক গ্রুপের মালিক, কর্মকর্তা এবং সোনালী ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে ১১টি মামলা হয়।

এসব মামলার মধ্যে কয়েকটির রায় হয়েছে। তবে সেসব মামলায় তানভীর মাহমুদ বা জেসমিন ইসলাম আসামি ছিলেন না।

এই দম্পতির সাজা হয় ২০১২ সালের ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় করা দুদকের মামলায়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
