# বার কাউন্সিল সনদ নিয়ে বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ|dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-30
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bar-kaunsil-snd-niye-bienpi-neta-fjlur-rhmanke-traibzunale-hajirer-nirdesdailyfulki](https://dailyfulki.com/article/bar-kaunsil-snd-niye-bienpi-neta-fjlur-rhmanke-traibzunale-hajirer-nirdesdailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4395.md](https://dailyfulki.com/news/4395.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আদালত অবমাননার মামলায় আগামী ৮ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিএনপি নেতা ফজলুর রহমানকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে তাঁর একাডেমিক ও বার কাউন্সিল সনদ নিয়ে আসতে বলা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রোববার এই আদেশ দেন। আজ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আদালত অবমাননার জন্য ফজলুর রহমানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সেই রুলও জারি করেছেন ট্রাইব্যুনাল।

পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম বলেন, প্রসিকিউশন দুটি বিষয়ে আদালত অবমাননার আবেদন করেছে। একটি হচ্ছে, ফজলুর রহমান বলেছিলেন, তিনি এই আদালত মানেন না। আরেকটি হচ্ছে, তিনি বোঝাতে চেয়েছেন, একটি ইন্টারনাল অ্যারেজমেন্টের মাধ্যমে এই প্রসিডিংসটা (বিচার) চলছে।

মিজানুল ইসলাম বলেন, ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করেছেন। কেন আদালত অবমাননার জন্য ফজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে না, সেই রুল জারি করেছেন ট্রাইব্যুনাল। তাঁকে আগামী ৮ ডিসেম্বর সশরীর ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাঁর একাডেমিক, বার কাউন্সিল সনদসহ উপস্থিত হতে বলা হয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসনে (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) বিএনপির মনোনয়ন পেয়েছেন ফজলুর রহমান।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
