# আশুলিয়ায় প্রিন্সিপালের বিরুদ্ধে শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন|dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-29
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-prinsipaler-biruddhe-sikshikar-sleeltahanir-ovizog-bicarer-dabite-manbbndhndailyfulki](https://dailyfulki.com/article/asuliyay-prinsipaler-biruddhe-sikshikar-sleeltahanir-ovizog-bicarer-dabite-manbbndhndailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4382.md](https://dailyfulki.com/news/4382.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধের কথা বলে ডেকে নিয়ে মাদ্রাসার শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত প্রিন্সিপালকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সাড়ে ১১টারদিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় থানা ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় উলামায়ে কেরাম ও সর্বস্তরের জনতার ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে উলামায়ে কেরাম ও স্থানীয় গণ্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে অংশ নিয়ে এ সময় তারা ধর্ষণকারী নুরুল ইসলাম ও তার সহযোগী তাজুল ইসলামকে গ্রেফতার করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। 

মামলা সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর সন্ধ্যার দিকে শ্রীপুর তালটেকী দারুন নাজাত মহিলা মাদ্রাসার এক সাবেক শিক্ষিকাকে তার বকেয়া বেতন পরিশোধের কথা বলে মাদ্রাসায় ডাকেন ওই মাদ্রাসার প্রিন্সিপাল নুরুল ইসলাম। পরে তাকে বেতন দেওয়ার কথা বলে পার্শ্ববর্তী সুবন্দী ফাতেমাতুজ জোইরা মহিলা মাদ্রাসায় নিয়ে যান। সেখানে নিয়ে ওই মাদ্রাসার শিক্ষক তাজুল ইসলামের সহযোগিতায় ভুক্তভোগী নারীকে একটি কক্ষে আটকে ধর্ষণ করেন নুরুল ইসলাম। 

পরে দীর্ঘ সময় তাকে রুমে তালাবদ্ধ করে রাখেন এবং রাত সাড়ে ৯টার দিকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেন। পরে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। 
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, গত ৯ নভেম্বর ভুক্তভোগী শিক্ষিকা আশুলিয়া থানায় বাদী হয়ে একটি মামলা করেন। এ সময় এ মামলার এজহারে দুজনকে আসামি করা হলেও আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, এ ঘটনায় স্থানীয়ভাবে বিচার সালিশ করা হয়েছিল। সালিশ মনের মত না হওয়ায় মামলা করতে দেরি হয়। এ সময়ের মধ্যে আসামিরা পালিয়ে যায়। তবে তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চালানো হচ্ছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
