# আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় পলাতক ৮ আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-16
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-6-las-poranor-mamlay-platk-8-asamike-hajir-hte-ptrikay-bijngpti-prkaser-nirdes](https://dailyfulki.com/article/asuliyay-6-las-poranor-mamlay-platk-8-asamike-hajir-hte-ptrikay-bijngpti-prkaser-nirdes)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/438.md](https://dailyfulki.com/news/438.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে সাভারের আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পলাতক ৮ আসামিকে হাজির হতে পত্রিকায় দুটি বিজ্ঞপ্তি (একটি ইংরেজি ও একটি বাংলা) প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিজ্ঞপ্তি অনুযায়ী আসামিরা হাজির না হলে তাদের অনুপস্থিতে বিচার কাজ শুরু হবে।

একই সঙ্গে আট আসামির বিষয়ে অগ্রগতি জানানো এবং মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৮ জুলাই দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল।

বুধবার (১৬ জুলাই) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের অন্য সদস্য হলেন—অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আদালতে আজ রাষ্ট্রপক্ষের শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এর আগে এদিন আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার আট আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিভিন্ন কারাগার থেকে প্রিজনভ্যানে করে সকাল ৯টার পর তাদের ট্রাইব্যুনালে আনা হয়।

গত ২ জুলাই জুলাই-আগস্টে ছাত্র আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

এছাড়া গ্রেফতার আট আসামিকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। আসামিদের গ্রেফতারে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেওয়া হয়েছে। তাদের গ্রেফতার করে পরবর্তী তারিখে আদালতে উপস্থিত করতে বলা হয়েছে। এরপর মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে। আদালতে ওইদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকউটর গাজী এমএইচ তামিম।

ট্রাইব্যুনালে এ মামলায় ১১ আসামির নাম উল্লেখ করেছে প্রসিকিউশন।

তারা হলেন—সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ (রনি), ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, সাবেক উপপরিদর্শক আরাফাত উদ্দীন, সাবেক উপপরিদর্শক শেখ আবজালুল হক, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা, সাবেক উপপরিদর্শক কামরুল হাসান ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার। এই ১১ আসামির মধ্যে আটজন গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ছয় তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ওই সময় যারা শহীদ হয়েছেন তারা হলেন—সাজ্জাদ হোসেন (সজল), আস সাবুর, তানজীল মাহমুদ সুজয়, বায়েজিদ বুসতামি ও আবুল হোসেন। এছাড়া একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি (অজ্ঞাত)।

প্রসিকিউশন জানায়, নৃশংস এ ঘটনার সময় একজন জীবিত ছিলেন। কিন্তু তাকেও বাঁচতে দেননি তারা। পেট্রোল ঢেলে জীবন্ত মানুষকেই পুড়িয়ে মারা হয়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
