# ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী প্রচারণা চালানোর সিদ্ধান্ত|dailydulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-28
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/8-dler-liyajeann-kmitir-boithke-hzann-voter-pkshe-desbzapee-prcarna-calanor-siddhantdailydulki](https://dailyfulki.com/article/8-dler-liyajeann-kmitir-boithke-hzann-voter-pkshe-desbzapee-prcarna-calanor-siddhantdailydulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4368.md](https://dailyfulki.com/news/4368.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : পাঁচ দফা দাবিতে আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির এক বৈঠক শুক্রবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে কমিটির সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের নায়েবে আমীর অধ্যাপক আশরাফ আলী আকন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি এডভোকেট আনোয়ারুল হক চান প্রমুখ।  

বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত সৃষ্টির জন্য দেশব্যাপী ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়। 

বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভয়-ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নির্বাচনের আগে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং পূর্বঘোষিত পাঁচ দফা গণদাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। 

আন্দোলনরত আট দলের পূর্বঘোষিত দেশের সাতটি বিভাগীয় শহরে সমাবেশ সফল করতে গৃহীত প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করা হয়। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ঘোষিত সমাবেশসমূহ সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য সংশ্লিষ্ট বিভাগের সর্বস্তরের জনতার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
