# এই সরকারের আমলেই শহীদ আবু সাঈদ হত্যার বিচার হবে : আসিফ নজরুল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-16
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ei-srkarer-amlei-sheed-abu-saeed-htzar-bicar-hbe-asif-njrul](https://dailyfulki.com/article/ei-srkarer-amlei-sheed-abu-saeed-htzar-bicar-hbe-asif-njrul)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/436.md](https://dailyfulki.com/news/436.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল বলেছেন, ‘শেখ হাসিনা কথায় কথায় তার বাবার মৃত্যুর কথা বলতেন। এর পরও তার বাবার হত্যার বিচার করতে সাড়ে তিন বছর সময় লেগেছে। আমরা শেখ হাসিনার আমলে বিচার করতে আসিনি। সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্য হবে, এমন একটি বিচার করতে চাই।

আমরা নিশ্চিত, আমাদের সরকারের শাসনামলে আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার আপনারা দেখে যাবেন।’
আজ বুধবার (১৬ জুলাই) রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকীর আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, ‘আবু সাঈদের মৃত্যুর ঘটনা ১৬ তারিখে দেখিনি। পরদিন ১৭ জুলাই বিকেলে দেখেছি।

যে ছেলে এভাবে মরতে পারে, একজন অভিভাবক হিসেবে বসে থাকতে পারিনি। আমার মনে হয়েছিল, আমাদের আর ভয় পাওয়ার অধিকার নেই। আবু সাঈদের আদর্শ ছিল সত্য ও ন্যায়ের। মৃত্যুর জন্য সে প্রস্তুত ছিল।

’
‎তিনি বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনে বহু মানুষ বহুভাবে মারা যায়। কিন্তু তার মতো এভাবে কেউ মারা যাননি। এটা জেনে শত শত তরুণ আত্মত্যাগ করেছে। আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচারকাজ পূর্ণ গতিতে এগিয়ে চলছে।’

‎আসিফ নজরুল বলেন, ‘রংপুর অবহেলিত হলেও মানুষগুলো সহজ সরল।

সারা দেশে সুষম উন্নয়ন সাংবিধানিক অধিকার। সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। নীলফামারীতে একটি বিশেষায়িত হাসপাতাল ঘিরে সর্বাধুনিক হেলথ সিটি গঠনের পরিকল্পনা রয়েছে প্রধান উপদেষ্টার। মানুষ যেন সিঙ্গাপুর না গিয়ে রংপুর যায়।’
শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মাঠে অনুষ্ঠিত বিশেষ আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন শহীদের পরিবারসহ দেশের বিভিন্ন জেলার ২১টি শহীদ পরিবারের সদস্যরা।

আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেনসহ রংপুরের ২১ টি শহীদ পরিবার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
