# খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে|dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-24
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/khaleda-jiya-haspatale-nibir-przbekshnedailyfulki](https://dailyfulki.com/article/khaleda-jiya-haspatale-nibir-przbekshnedailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4284.md](https://dailyfulki.com/news/4284.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর চিকিৎসকদের একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট হচ্ছে। তাই চিকিৎসকেরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

দলের পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে গতকাল রোববার রাত আটটার দিকে জরুরি ভিত্তিতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী গতকাল রোববার সাংবাদিকদের বলেছিলেন, ‘ওনার (খালেদা জিয়া) চেস্টে (বুক) ইনফেকশন (সংক্রমণ) হয়েছে। হার্টের (হৃদ্‌যন্ত্র) সমস্যা আগে থেকেই ছিল।’ সংক্রমণ হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে ছড়িয়ে পড়েছে। এ কারণে তাঁর খুব শ্বাসকষ্ট হচ্ছিল। হাসপাতালে নেওয়ার পর তাৎক্ষণিকভাবে দ্রুত কিছু পরীক্ষা করে অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

মেডিকেল বোর্ডের আরেকজন চিকিৎসক নাম না প্রকাশের শর্তে বলেন, আজকেও মেডিকেল বোর্ড বসেছে। খালেদা জিয়ার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। চিকিৎসকেরা তাঁকে পরবর্তী ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

বিএনপির সূত্রে জানা গেছে, লন্ডন থেকে ছেলে তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এ ছাড়া ঢাকায় খালেদা জিয়ার পাশেই আছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। কিছুদিন পরপরই নানা জটিলতায় তাঁকে হাসপাতালে যেতে হচ্ছে।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
