# ব্রুনাইয়ের জালে ৮ গোল বাংলাদেশের|dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-24
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/brunayer-jale-8-gol-bangladeserdailyfulki](https://dailyfulki.com/article/brunayer-jale-8-gol-bangladeserdailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4276.md](https://dailyfulki.com/news/4276.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে রীতিমতো উড়ছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে তিমুর লিসতেকে ৫-০ গোলে হারানোর পর এবার ব্রুনাই দারুসসালামকে গোলবন্যায় ভাসাল লাল-সবুজের কিশোররা। সোমবার ‘এ’ গ্রুপের ম্যাচে ব্রুনাইকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। গোলের খাতা খুলতে সময় লাগেনি খুব একটা। ম্যাচের ১৩ মিনিটে ফরোয়ার্ড মো. অপু রহমানের গোলে লিড নেয় বাংলাদেশ। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মো. রিফাত কাজী। এরপর ৩৬ মিনিটে নাজমুল হুদা ফয়সাল এবং ৩৭ মিনিটে মো. মানিক জালের দেখা পেলে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পরও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। ৫০ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন অপু রহমান। এরপর ৭৪ মিনিটে রিফাত কাজীও নিজের জোড়া গোল পূর্ণ করেন। ম্যাচের শেষদিকে ৭৬ মিনিটে মো. আরিফ এবং ৭৯ মিনিটে বায়জিদ বোস্তামী গোল করলে ৮-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয়।

এই জয়ে গ্রুপ পর্বে দুই ম্যাচ শেষে শতভাগ জয়ে পয়েন্ট টেবিলের শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে আগামী বুধবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। অন্য ম্যাচে ব্রুনাই লড়বে স্বাগতিক চীনের বিপক্ষে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
