# মানিকগঞ্জে বাউলশিল্পীদের ধাওয়া দিয়ে পুকুরে ফেললো তৌহিদী জনতা | dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-23
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/manikgnje-baulsilpeeder-dhawa-diye-pukure-fello-touhidee-jnta-dailyfulki](https://dailyfulki.com/article/manikgnje-baulsilpeeder-dhawa-diye-pukure-fello-touhidee-jnta-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4251.md](https://dailyfulki.com/news/4251.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

মানিকগঞ্জ : মানিকগঞ্জে বাউলশিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল থেকে ওই শিল্পীর ভক্ত-অনুসারীদের ওপর হামলা হয়েছে। একাধিক বাউলশিল্পীকে ধাওয়া দিয়ে পুকুরে ফেলে দিয়েছে ‘জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদী জনতা’র ব্যানার নিয়ে আসা মিছিলকারীরা। এ ঘটনায় আবুল সরকারের তিনজন অনুসারী আহত হয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) সকালে মানিকগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—শিবালয়ের সাঁকরাইল গ্রামের আব্দুল আলিম, হরিরামপুরের ঝিটকার জহুরুল এবং সিংগাইরের তালেবপুর এলাকার আরিফুল ইসলাম। তাদের পুলিশ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি ধর্ম অবমাননার মামলায় গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। ঠিক একই সময় জেলা প্রেসক্লাবের সামনে বাউলশিল্পীদের মানববন্ধন হওয়ার কথা ছিল। এ নিয়ে পুরো শহরে টানটান উত্তেজনা তৈরি হয়।

এই পরিস্থিতিতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে সমাবেশ শেষে সহস্রাধিক মুসল্লি একটি মিছিল নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। পরে মিছিলটির একটি অংশ বয়েস স্কুল মাঠের কাছাকাছি এলে বাউলশিল্পী আবুল সরকারের অনুসারীদের দেখামাত্রই তাদের ধাওয়া দেওয়া হয়। ধাওয়া খেয়ে আবুল সরকারের কয়েকজন ভক্ত মানিকগঞ্জ স্টেডিয়ামের পেছনের পুকুরে ঝাঁপিয়ে পড়েন। তখন বাউল ভক্তদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ‘তৌহিদী জনতা’র একটি অংশ। এমনকি লাঠি-পেটাও করতে দেখা যায়।

ঘটনাস্থলে পুলিশ উত্তেজিত পক্ষকে প্রশমিত করে এবং সেখান থেকে ফেরাতে সচেষ্ট হয়।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, সমাবেশের পাশেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। একটি ঘটনা ঘটেছে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি গানের আসরে আবুল সরকার ‘ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন’ বলে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আব্দুল্লাহ একটি মামলা করেন। মামলার পর আবুল সরকারকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদারীপুর থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে। সন্ধ্যার দিকে তাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিসস্ট্রেট আদালতে পাঠানোর পর বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দেন।

এরপর আবুল সরকারের মুক্তির দাবিতে সরব হন তার ভক্ত অনুসারীরা। অন্যদিকে পাল্টা তার শাস্তি দাবি করতে থাকে ‘তৌহিদী জনতা’।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
