# পাকিস্তানে ভারতপন্থি ২৩ সন্ত্রাসী নিহত | dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-22
- **বিভাগ (Category)**: বিশ্ব
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/pakistane-vartpnthi-23-sntrasee-niht-dailyfulki](https://dailyfulki.com/article/pakistane-vartpnthi-23-sntrasee-niht-dailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4234.md](https://dailyfulki.com/news/4234.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে কুররম জেলায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ২৩ সন্ত্রাসী – যারা ‘খারিজি’ নামেও পরিচিত – নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানগুলো দেশের চলমান সন্ত্রাসবিরোধী প্রচেষ্টা ‘আযম-ই-ইস্তেহকাম’-এর অংশ।

আইএসপিআর জানিয়েছে, প্রথম অভিযানে কুররম এলাকার একটি খারিজি গ্রুপকে লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী আঘাত হানে। তীব্র গোলাগুলির ঘটনায় সেখানে ১২ সন্ত্রাসী নিহত হয়। এরপর নতুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একই অঞ্চলে আরেকটি গ্রুপকে লক্ষ্য করে দ্বিতীয় অভিযান চালানো হয়, যেখানে আরও ১১ খারিজি সদস্যকে হত্যা করা হয়। উভয় গ্রুপই ভারতীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে দাবি করা হয়েছে।

কুররম অঞ্চলে অবশিষ্ট সন্ত্রাসীদের খুঁজে বের করতে সাঁড়াশি অভিযান চলছে। আইএসপিআর বলেছে, বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত যেকোনো ধরনের সন্ত্রাস দমনে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো দৃঢ় প্রতিজ্ঞ।

ফেডারেল অ্যাপেক্স কমিটির অনুমোদিত ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের অধীনে ‘আযম-ই-ইস্তেহকাম’ ভিশন বাস্তবায়নের মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় এসব অভিযান পরিচালিত হচ্ছে।

আইএসপিআর আরও জানায়, গোয়েন্দা তথ্যনির্ভর সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে। বিবৃতিতে বলা হয়, ‘বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসের মূলোৎপাটনে পূর্ণ গতিতে অভিযান চালিয়ে যাবে নিরাপত্তা বাহিনী।’

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
