# ধামরাইয়ের আ.লীগ নেতা ও বালিয়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান সাভারে গ্রেপ্তার|dailyfulki

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-11-19
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamrayer-aleeg-neta-oo-baliya-iupi-ceyarmzan-mjibur-rhman-savare-greptardailyfulki](https://dailyfulki.com/article/dhamrayer-aleeg-neta-oo-baliya-iupi-ceyarmzan-mjibur-rhman-savare-greptardailyfulki)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/4202.md](https://dailyfulki.com/news/4202.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ধামরাই উপজেলঅর বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমানকে সাভার থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার দিবাগত (১৯ নভেম্বর) রাত সাড়ে ১২টায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কো-অপারেটিভ হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে মজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অভিযানের নেতৃত্ব দেন সাভার মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাকির আল আহসান ও এসআই ইমরান হোসাইন। 

বুধবার দুপুরে মুজিবুর রহমানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

আটক মজিবুর ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ (ধামরাই) আসনের পলাতক সংসদ সদস্য বেনজীর আহমেদের অনুসারী। তিনি শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে চলে যান। সম্প্রতি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কো-অপারেটিভ হাউজিং সোসাইটি এলাকায় পল্লী চিকিৎসক পরিচয়ে একটি দোকান ভাড়া নিয়ে ফার্মেসি পরিচালনা করছিলেন।

পুলিশ জানায়,  মজিবুর রহমান আত্মগোপনে থেকে ফার্মেসির আড়ালে সাভার-আশুলিয়া ও ধামরাই এলাকায় অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তার অনুসারীদের দিয়ে অবৈধ ঝটিকা মিছিল, গাড়ি পোড়ানোসহ বিভিন্ন নাশকতার পরিকল্পনা ও নাশকতামূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন। 

গত ৬ নভেম্বর সাভারের বলিয়ারপুর এলাকায় নাশকতা কার্যক্রম পরিচালনা করে একদল দুর্বৃত্ত।

 পরবর্তীতে এ ঘটনায় ৭ নভেম্বর সন্ত্রাস বিরোধী আইনে সাভার মডেল থানায় মামলা হয়। মামলার তদন্তে নেমে মজিবুর রহমানের সংশ্লিষ্টতা পায় তদন্ত কর্মকর্তা এসআই মো: আসাদুজ্জামান। পরবর্তীতে তাকে ধরতে মাঠে নামে সাভার মডেল থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃত মজিবুর রহমান (৫০), ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বাস্তা নয়াচর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি আওয়ামী লীগ মনোনীত বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বৃহত্তর ঢাকা জেলার সহ-সভাপতি ছিলেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
