# ‘জাতীয় সংস্কারক’ উপাধি নিতে ইচ্ছুক নন অধ্যাপক ইউনূস: প্রেস উইং

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-15
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jateey-sngskark-upadhi-nite-icchuk-nn-odhzapk-iunuus-pres-uing](https://dailyfulki.com/article/jateey-sngskark-upadhi-nite-icchuk-nn-odhzapk-iunuus-pres-uing)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/408.md](https://dailyfulki.com/news/408.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘জাতীয় সংস্কারক’ উপাধি নিতে ইচ্ছুক নন এবং সরকারও তাকে এ ধরনের কোনো উপাধি দেওয়ার পরিকল্পনা করছে না বলে জানানো হয়েছে।  

হাইকোর্টের একটি বেঞ্চের একটি রুল প্রসঙ্গে মঙ্গলবার (১৫ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ কথা জানায়।

 

 

গতকাল সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ ড. মুহাম্মদ ইউনূসকে 'জাতীয় সংস্কারক' ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল।

ওই রুলের বিষয়ে মঙ্গলবার এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে বলা হয়, অধ্যাপক ইউনূস নিজে এমনভাবে ঘোষিত হতে ইচ্ছুক নন এবং সরকারও তাঁকে এ ধরনের কোনো উপাধি দেওয়ার পরিকল্পনা করছে না।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে 'জাতীয় সংস্কারক' ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট থেকে যে রুল জারি করা হয়েছে, সেটি সরকারের নজরে এসেছে এবং আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার যথাসময়ে এই রুলের জবাব দেবে।

বিবৃতিতে আরও বলা হয়, আবেদনকারী নিজ উদ্যোগে এই রিটটি দায়ের করেছেন বলে মনে হয় এবং কীসের ভিত্তিতে এই নির্দেশনা চাওয়া হয়েছে-তা পরিষ্কার নয়। অ্যাটর্নি জেনারেলের অফিস এ বিষয়ে পদক্ষেপ নেবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
